জানুয়ারি ১৫, ২০২৬, ০৪:৩৪ পিএম
বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ইসলামী নাশিদ শিল্পী আবু উবায়দা তার সব ধরনের সরাসরি অনুষ্ঠান (কনসার্ট বা নাশিদ সন্ধ্যা) স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ‘হাদির জিন্দাবাদ’ গানের মাধ্যমে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর তার এই আকস্মিক সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিল্পী আবু উবায়দা তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন। তবে ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আজ থেকে আমার সব ইসলামিক নাশিদ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করলাম। যাদের কাছ থেকে অনুষ্ঠান নিয়েছিলাম, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদিকে উৎসর্গ করে গাওয়া ‘হাদির জিন্দাবাদ’ গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জিয়া হকের লেখা এই গানটি বর্তমানে দেশের তরুণ প্রজন্মের মুখে মুখে শোনা যাচ্ছে। আবু উবায়দার শক্তিশালী কণ্ঠ এবং শহীদ হাদির আত্মত্যাগের প্রেক্ষাপট গানটিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে।
শিল্পীর এই আকস্মিক ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত ও সংগীতানুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও, অনেকেই এমন জনপ্রিয় সময়ে গান থেকে বিরতি নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন