শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

১০ বছরের প্রেম পূর্ণতা পেল সাত পাকে বাঁধা রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১০:৪৬ পিএম

১০ বছরের প্রেম পূর্ণতা পেল সাত পাকে বাঁধা রাশমিকা-বিজয়

রাশমিকা-বিজয়ের বিয়ে

দীর্ঘ ১০ বছরের নিবিড় সম্পর্কের সফল পরিণতি ঘটল। রাজস্থানের উদয়পুরের আইটিসি মেমেন্টোসে আজ বৃহস্পতিবার সকালে এক ঘরোয়া অথচ রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণি সিনেমার হার্টথ্রব জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। 

দুই পরিবারের সদস্য ও অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই তারকা যুগল জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। বিয়ের প্রস্তুতির খবর আগে থেকে শোনা গেলেও মূল আনুষ্ঠানিকতা অত্যন্ত গোপনীয়তার মধ্যে সম্পন্ন করা হয়।

বিয়ের ধর্মীয় রীতিনীতি শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন নবদম্পতি। রাশমিকা তার পোস্টে বিজয়কে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে লিখেছেন যে, বিজয়ই তাকে ভালোবাসার প্রকৃত অর্থ এবং মানসিক প্রশান্তির পথ দেখিয়েছেন। 

গত কয়েক বছরে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিজয়ের অবদান অনস্বীকার্য বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে বিজয় তার বার্তায় রাশমিকাকে তার সবচেয়ে কাছের বন্ধু এবং পরম আশ্রয়স্থল হিসেবে অভিহিত করেছেন। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখটিকে তারা জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।

অনুরাগী ও ভক্তদের দেওয়া নাম ভিরোশ-কে উপজীব্য করে বিয়ের নামকরণ করা হয়েছিল দ্য ওয়েডিং অফ ভিরোশ। অনুষ্ঠানে উভয় পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে তেলুগু ও কোদাভা—উভয় রীতিতেই বিয়ের কার্যাদি সম্পন্ন হয়। রাশমিকার পৈত্রিক কোদাভা ঐতিহ্যকে বিশেষ সম্মান জানিয়ে দিনের পরবর্তী অংশে আরেকটি বিশেষ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বিয়ের মূল অনুষ্ঠান শেষে উদয়পুরে উপস্থিত গণমাধ্যমকর্মী ও পাপারাজ্জিদের মিষ্টিমুখ করিয়েছে নবদম্পতির বিশেষ প্রতিনিধি দল।২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার রোমান্টিক সিনেমা গীতা গোবিন্দম-এ কাজ করার সময় থেকেই এই জুটির বন্ধুত্বের শুরু। এরপর থেকেই তাদের পর্দার রসায়ন এবং বাস্তব জীবনের সখ্যতা নিয়ে চলচ্চিত্র পাড়ায় ব্যাপক গুঞ্জন তৈরি হয়। 

যদিও তারা দীর্ঘদিন নিজেদের সম্পর্ককে কেবল বন্ধুত্ব বলে দাবি করে আসছিলেন। অবশেষে ২০২৫ সালের অক্টোবরে হায়দরাবাদে এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ এক বর্ণিল ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জীবনসঙ্গী হলেন। বিনোদন জগতের এই বিয়ের খবরটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে।