রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খোঁজ মিলছে না জাহের আলভীর, ধোঁয়াশায় পুলিশ

বিনোদন ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০২:৪২ পিএম

খোঁজ মিলছে না জাহের আলভীর, ধোঁয়াশায় পুলিশ

নিখোঁজ অভিনেতা আলভী

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভীর অবস্থান নিয়ে গভীর রহস্য তৈরি হয়েছে। তিনি দেশে ফিরেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও বর্তমানে তাঁর সঠিক অবস্থান সম্পর্কে পুলিশ নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না। আলভী ও ইকরার ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, গতকাল রবিবার বিকেলে নেপাল থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর তিনি পরিচিত একজনের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান বলে জানা গেছে। তবে এরপর থেকেই তাঁর মোবাইল ফোন এবং ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।

গতকাল দুপুরে আলভী নিজেই জানিয়েছিলেন যে নেপালে শুটিং শেষ করে সন্ধ্যার মধ্যে তিনি ঢাকায় ফিরবেন এবং পুরো বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন। কিন্তু তিনি দেশে ফিরে থাকলেও এখন পর্যন্ত কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। এমনকি তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরটিও বন্ধ রাখা হয়েছে। 

এই পরিস্থিতিতে বিনোদন অঙ্গনের অনেকে মনে করছেন, এভাবে আত্মগোপন করা তাঁর জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। তাদের মতে, ইকরার মৃত্যুর আগে আসলে কী ঘটেছিল, সে বিষয়ে তাঁর স্পষ্ট বক্তব্য দেওয়া অত্যন্ত জরুরি ছিল।ইকরার মৃত্যুর ঘটনায় তাঁর বড় মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় জাহের আলভী এবং তাঁর মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়েছে। মামলার পর থেকেই আত্মগোপনে রয়েছেন এই অভিনয়শিল্পী। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত আলভীর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ক্লু পাওয়া যায়নি। আলভী নেপাল থেকে দেশে ফিরেছেন কি না, সেটিও গুরুত্বের সাথে যাচাই করছে পুলিশ।তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মামলার এজাহারের কপি ইতোমধ্যে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠানো হয়েছে। 

যেহেতু আসামি দেশের বাইরে ছিলেন, তাই তিনি দেশে প্রবেশ করা মাত্রই যাতে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, সেই প্রস্তুতি পুলিশের ছিল। মামলার তদন্ত কর্মকর্তা আজিম আহমেদ জানিয়েছেন, আলভীর দেশে ফেরার বিষয়ে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে যা তদন্তে বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে পুলিশ তাদের নিজস্ব প্রক্রিয়ায় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আসামিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে।