মার্চ ৩, ২০২৬, ০৩:১৮ পিএম
টেলিভিশন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আরা তিথি অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি নেপাল থেকে শুটিং শেষ করে দেশে ফিরে মঙ্গলবার (৩ মার্চ) তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিথি ও আলভীকে নিয়ে চলা নানা সমালোচনার জবাবে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন।
তিথি জানান, গত ২ মার্চ পুরো টিমের সাথে তিনি দেশে ফিরেছেন এবং পলাতক থাকার যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন।নেপাল থেকে ফিরতে দেরি হওয়া প্রসঙ্গে তিথি বলেন, “অনেকেই অভিযোগ করছেন আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি এবং আমরা নেপালে ছিলাম।
এটা ভুল তথ্য ইকরা যেদিন আত্মহত্যা করে, ওইদিন আমরা টিকিটের জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো টিকিট পাওয়া যায়নি। পরের দিন টিকিট ম্যানেজ করে পুরো টিমের সবাই একসাথে দেশে ফিরেছি।” উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএস’র বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করা হয়, যা নিয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিনেতা জাহের আলভীর সাথে প্রেমের গুঞ্জন নিয়ে তিথি সরাসরি জবাব দিয়েছেন। তিনি বলেন, “আলভীর সঙ্গে আমি চার-পাঁচ বছর ধরে কাজ করছি। দীর্ঘ সময় কলিগ হিসেবে কাজ করলে একটা ভালো বন্ধুত্ব হতেই পারে। ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু এবং এটি আমি আগেও অনেক সাক্ষাৎকারে বলেছি।” যদিও ইকরার ঘনিষ্ঠ বান্ধবীরা দাবি করেছিলেন যে, আলভী ও তিথির পরকীয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েই ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
বর্তমানে এই ঘটনাটি আইনি প্রক্রিয়ায় রয়েছে। ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় জাহের আলভী, তার মা এবং তিথির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিথির এই বক্তব্য মামলার মোড় কোন দিকে নেয়, এখন সেটিই দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন