রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ সামিয়া অথৈর

বিনোদন ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০৭:০৮ পিএম

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ সামিয়া অথৈর

তিশা ও সামিয়া অথৈ

শুটিং সেটে সহকর্মীর সঙ্গে অশোভন আচরণ ও মারধরের অভিযোগ উঠেছে ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। মঙ্গলবার মানিকগঞ্জের একটি লোকেশনে পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের দৃশ্যধারণ চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে দাবি করেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। 

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।সামিয়া অথৈ তার অভিযোগের সপক্ষে বলেন, নাটকের শুটিংয়ের প্রথম দিন থেকেই তানজিন তিশার আচরণ বেশ অস্বাভাবিক ও আক্রমণাত্মক ছিল। 

অথৈ নিজের পক্ষ থেকে একটি উপহার নিয়ে তিশার কাছে গেলেও তিনি অত্যন্ত রূঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে ক্যামেরার সামনে প্রথম দৃশ্য শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিশা তাকে শারীরিকভাবে আঘাত করেন বলে তিনি অভিযোগ করেন। এতে তার হাত রক্তাক্ত হয় এবং সেটে উপস্থিত অন্যান্য অভিনয়শিল্পী ও কলাকুশলীরা এই আকস্মিক ঘটনায় স্তব্ধ হয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জ্যেষ্ঠ অভিনেতা শহীদুজ্জামান সেলিম এবং নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নাম উল্লেখ করেছেন সামিয়া অথৈ। তিনি জানান, শুটিংয়ের পরিবেশ এমন পর্যায়ে পৌঁছেছিল যে উপস্থিত জ্যেষ্ঠ শিল্পীরাও তিশার এমন আচরণের কারণ জানতে চান। সহকর্মীদের সামনে এমন লাঞ্ছনা তার জন্য অত্যন্ত অবমাননাকর ছিল বলে তিনি ভিডিওতে উল্লেখ করেন। তবে এই অভিযোগের বিষয়ে তানজিন তিশার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

শোবিজ অঙ্গনে কাজের পরিবেশে নিরাপত্তা ও পারস্পরিক শ্রদ্ধার ওপর জোর দিয়ে সামিয়া অথৈ বলেন, পেশাদারত্বের জায়গায় সম্মান সবারই প্রাপ্য। একজন জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে এমন অপেশাদার আচরণ কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অভিনয়শিল্পী ও পরিচালক সংশ্লিষ্ট সংগঠনগুলো এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না, সেটিই এখন দেখার বিষয়।