রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইকরার মৃত্যুতে যাহের আলভীর আবেগঘন ফেসবুক পোস্ট

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ০৪:০১ পিএম

ইকরার মৃত্যুতে যাহের আলভীর আবেগঘন ফেসবুক পোস্ট

অভিনেতা যাহের আলভী

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় অভিযুক্ত ছোট পর্দার অভিনেতা যাহের আলভী আত্মগোপনে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রয়াত স্ত্রীকে উদ্দেশ্য করে একটি দীর্ঘ আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি সমাজের মানুষের দ্বিমুখী আচরণ এবং তাকে নিয়ে চলা সমালোচনা নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেন। 

আলভী তার পোস্টে প্রশ্ন তোলেন যে আজ যদি ইকরার জায়গায় তার মৃত্যু হতো তবে সমাজ কি একইভাবে প্রতিক্রিয়া দেখাত। তিনি জানতে চান তখন কি মানুষ একইভাবে ইকরাকে আক্রমণ করত কি না।

ফেসবুক পোস্টে আলভী তাদের একমাত্র সন্তান রিজিককে নিয়ে সাধারণ মানুষের সহানুভূতিকে মায়াকান্না হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন যারা এখন সহানুভূতি দেখাচ্ছেন তারা আসলে শিশুটির ভবিষ্যতের কথা ভাবছেন না। এসব স্পর্শকাতর বিষয় প্রকাশ্যে আসার ফলে ভবিষ্যতে শিশুটির মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। 

একই সঙ্গে ইকরার বন্ধুদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে তিনি বলেন যে তাকে সামাজিকভাবে হেয় করার জন্য উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। মানুষের এই নেতিবাচক মানসিকতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে বলে তিনি উল্লেখ করেন।স্ট্যাটাসের শেষ অংশে এই অভিনেতা চরম হতাশার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি লিখেছেন যে খুব শীঘ্রই তিনি কোনো এক পাহাড়ের চূড়ায় বসে ইকরার কাছ থেকে এসব প্রশ্নের উত্তর জেনে নেবেন। 

মৃত্যুর আগে ইকরার মানসিক অবস্থা কেমন ছিল তা নিয়েও তিনি ব্যক্তিগতভাবে কথা বলতে চান। স্বামী-স্ত্রীর মধ্যকার মান-অভিমান শেষে সবকিছু স্বাভাবিক করে নেওয়ার এক কাল্পনিক ইচ্ছার কথা ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন। বর্তমানে এই মামলার প্রধান আসামি হিসেবে পলাতক থাকা অবস্থায় আলভীর এমন পোস্ট নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই বার্তার অন্তর্নিহিত অর্থ এবং অভিনেতার বর্তমান মানসিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।