মার্চ ৭, ২০২৬, ০৪:১২ পিএম
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার অবশেষে জনসমক্ষে এসেছে। পরিচালক আদিত্য ধরের এই অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ১৯ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাপ্রেমীদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্দীপনা শুরু হয়েছে।
ট্রেলারে দেখা যায়, প্রথম পর্বের রেশ ধরে এবার আরও ভয়ংকর ও বিধ্বংসী রূপে পর্দায় হাজির হয়েছেন অভিনেতা রণবীর সিং। তার অভিনীত চরিত্র ‘জসকিরত সিং রঙ্গি’ কীভাবে এক দুর্ধর্ষ ‘হামজা’ হয়ে উঠল, সেই বিবর্তনের গল্পই এবারের সিনেমার মূল উপজীব্য হিসেবে ফুটে উঠেছে।
গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, সিরিজের আগের পর্বে অক্ষয় খান্না অভিনীত রহমান বালোচ চরিত্রটি হত্যার পর এবার লিয়ারি অঞ্চলে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তারের লড়াইয়ে নামবেন রণবীর। ট্রেলার জুড়ে তার মারমুখী উপস্থিতি এবং মারকুটে অভিনয় দর্শকদের মধ্যে বাড়তি কৌতুহল ও আগ্রহ তৈরি করেছে।
এই সিনেমায় রণবীর সিং ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীর মতো পরিচিত বলিউড তারকারা। ট্রেলারে ব্যবহৃত আবহসংগীত এবং শক্তিশালী সংলাপ ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। রণবীর সিং সামাজিক মাধ্যমে ট্রেলারটি শেয়ার করে লিখেছেন যে, এবারের লড়াইটি একেবারেই ব্যক্তিগত, যা সিনেমার প্রতিশোধের পটভূমিকে আরও স্পষ্ট করে তুলেছে।
উল্লেখ্য যে, গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম সিনেমা ‘ধুরন্ধর’। সিনেমাটি মুক্তি পাওয়ার পর গল্পের প্রেক্ষাপট নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হলেও বক্স অফিসে নজিরবিহীন সাফল্য পায়। বিশ্বজুড়ে ১ হাজার কোটি রুপির বেশি ব্যবসা করে সিনেমাটি নতুন রেকর্ড গড়েছিল। সেই অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় ‘ধুরন্ধর ২’ নিয়ে দর্শকদের মধ্যে এখন আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছে। ট্রেলারে রণবীরের অভিনয়ের বিবর্তন এবং কারিগরি মুন্সিয়ানা সিনেমাটির ব্যবসায়িক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন