রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমার টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০১:১৯ পিএম

রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমার টিজার প্রকাশ

টিজারে চার নারীর রহস্য

টানটান উত্তেজনা আর রহস্যময় আবহ নিয়ে প্রকাশ পেয়েছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা প্রেশার কুকারের টিজার। প্রায় দেড় মিনিটের এই ভিডিওটির নাম দেওয়া হয়েছে ফার্স্ট হুইসেল। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি প্রকাশের পর থেকেই চলচ্চিত্র অঙ্গন ও দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। 

নির্মাতা রাফী তার নতুন এই সৃষ্টির মাধ্যমে ঢাকাই সিনেমার একটি নতুন জগতের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। টিজারের ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন যে নীরব চাপে জমতে থাকা এক বিস্ফোরণ এবং ঢাকনা উঠলেই বের হবে সেই দীর্ঘ প্রতীক্ষিত হুইসেল।

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটিতে মূলত চারজন নারী চরিত্রের জীবনযুদ্ধ ও মানসিক টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে। 

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। টিজারের দৃশ্যগুলোতে এই চার নারীর রহস্যময় যাত্রা ও নাগরিক জীবনের নানা সংকটের আভাস পাওয়া গেছে। পুরো ভিডিও জুড়ে ব্যাকগ্রাউন্ডে শোনা গেছে গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বর। সংলাপের ফাঁকে তাকে মৌমাছি কবিতা আবৃত্তি করতে শোনা যায় যা টিজারের আবহকে আরও রহস্যময় ও উত্তপ্ত করে তুলেছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলমের মতো শক্তিমান শিল্পীরা।

নির্মাতা রায়হান রাফীর ভাষ্য অনুযায়ী ঢাকার নাগরিক জীবনের অসহনীয় চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্প এই সিনেমায় ফুটে উঠবে। তিনি ঢাকাকে মেয়েদের জন্য একটি প্রেশার কুকারের সঙ্গে তুলনা করেছেন যেখানে সমাজের নানা চাপ তাদের জীবনকে অস্থির করে তোলে। টিজার প্রকাশের পর অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক মাধ্যমে নির্মাতাকে শুভকামনা জানিয়েছেন এবং দর্শকদের প্রতি একটি বিশেষ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। গত বছর তুফান সিনেমার ব্যাপক সাফল্যের পর রাফীর এই নতুন কাজ নিয়ে দর্শকদের মধ্যে আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছে।