বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

‘দেনা পাওনা’র যাত্রা শেষ, আবেগে ভাসছেন তাবাসসুম ছোঁয়া

বিনোদন ডেস্ক

মার্চ ১০, ২০২৬, ০২:১০ পিএম

‘দেনা পাওনা’র যাত্রা শেষ, আবেগে ভাসছেন তাবাসসুম ছোঁয়া

আবেগে ভাসছেন তাবাসসুম ছোঁয়া

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দেনা পাওনা’র দীর্ঘ দেড় বছরের পথচলা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মঙ্গলবার নাটকটির কেন্দ্রীয় চরিত্র ‘নিপা’র মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে এই অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেন। 

জীবনের প্রথম বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরে তিনি যেমন উচ্ছ্বসিত, তেমনি দীর্ঘদিনের কর্মস্থল ও সহশিল্পীদের ছেড়ে যাওয়ার বেদনায় তিনি কাতর।

তাবাসসুম ছোঁয়া তার বার্তায় উল্লেখ করেন, এই ধারাবাহিকের মাধ্যমেই দর্শকরা তাকে প্রথম চিনেছেন এবং গ্রহণ করেছেন। নিজের অভিনয় জীবনের অন্যতম সফল ও প্রিয় এই প্রজেক্টটি শেষ করতে পারা তার কাছে একটি বড় অর্জন। ‘নিপা’ চরিত্রটি তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল জানিয়ে তিনি বলেন, এখন তার পরিচিতি তিনটি নামে— তাবাসসুম, ছোঁয়া এবং নিপা। 

দেড় বছরের এই যাত্রায় যারা প্রতিদিনের সঙ্গী ছিলেন, সেই টিম এবং সহশিল্পীদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে পরিচালক কে এম সোহাগ রানা এবং প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার প্রতি তিনি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।তবে দর্শকদের জন্য আনন্দের খবর হলো, এই গল্পের রেশ এখনই শেষ হচ্ছে না। ছোট পর্দার দর্শকদের জন্য আসছে ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’। বিকাশ লিমিটেড নিবেদিত এই বিশেষ নাটকটিও পরিচালনা করছেন কে এম সোহাগ রানা। 

সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ব্যানারে এই বিশেষ পর্বটি আসন্ন ঈদুল ফিতরের আয়োজনে প্রচারিত হবে। প্রিয় অভিনেত্রীর এমন আবেগঘন পোস্ট এবং নতুন স্পেশাল পর্বের ঘোষণায় ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অভিনেত্রী ছোঁয়া তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, এতদিন ধরে দর্শকরা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য তিনি চিরকৃতজ্ঞ। ‘দেনা পাওনা’র সাথে তার যাপিত জীবনের অনেক স্মৃতি ও সুন্দর মুহূর্ত জড়িয়ে আছে, যা তিনি তার দর্শকদের সাথে ছবির মাধ্যমে শেয়ার করেছেন। বিদায়বেলায় ‘টক-মিষ্টি’ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি সামনের দিনগুলোতেও দর্শকদের এমন সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেন।