রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদ ‘ইত্যাদিতে’ তমা মির্জা ও হিমির নাচের চমক

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১০, ২০২৬, ০৪:৩১ পিএম

ঈদ ‘ইত্যাদিতে’ তমা মির্জা ও হিমির নাচের চমক

ইত্যাদিতে তমা ও হিমি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতিবারই ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করে। লক্ষ কোটি দর্শক যেমন পবিত্র ঈদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, তেমনি তাদের অপেক্ষার একটি বড় অংশ জুড়ে থাকে হানিফ সংকেতের এই কালজয়ী অনুষ্ঠান। দর্শকদের মতে, ইত্যাদি না দেখলে যেন ঈদের আনন্দ পূর্ণতা পায় না।

 সময়ের সাথে তাল মিলিয়ে ইত্যাদি যেমন সৃজনশীল হয়েছে, তেমনি এর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। এবারের ঈদ ইত্যাদিতেও দর্শকদের জন্য থাকছে এক বিশেষ চমক—দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার নান্দনিক নৃত্য পরিবেশনা।

এবারের ইত্যাদির নাচে অংশ নিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় চলচ্চিত্র তারকা তমা মির্জা এবং ছোটপর্দার সুপরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের সঙ্গে রয়েছেন একদল দক্ষ নৃত্যশিল্পী। এই বিশেষ নৃত্যের কোরিওগ্রাফি করেছেন প্রখ্যাত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ। 

ইত্যাদির নাচে সবসময়ই নতুনত্ব থাকে, আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চিরাচরিত নাচের মিউজিকের বাইরে গিয়ে এবার তৈরি করা হয়েছে বিশেষ এক সুর, যা দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেবে।ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক এবং আধুনিক কম্পোজিশানের এক অপূর্ব সংমিশ্রণ। তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ এর সংগীত পরিচালনা করেছেন এবং পুরো প্রক্রিয়াটি তদারকি করেছেন হানিফ সংকেত নিজেই। এই পরিবেশনাটিকে নিখুঁত করতে তমা মির্জা ও হিমি দীর্ঘ সময় ধরে নিয়মিত মহড়া দিয়েছেন। 

শিল্পীরা জানিয়েছেন, ইত্যাদির মতো বড় প্ল্যাটফর্মে ভিন্নধর্মী এই নৃত্যে পারফর্ম করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় বরাবরের মতোই থাকছেন গুণী নির্মাতা হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশনের নির্মাণে এবারের অনুষ্ঠানটিও স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ইত্যাদির এই আকর্ষণীয় নৃত্য পরিবেশনা ঈদের আমেজকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।