রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম

বিনোদন ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ১১:১৬ এএম

মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম

প্রয়াত অভিনেতা অসীম

পাকিস্তানি শোবিজ ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা অসীম বুখারি আর নেই। গত বুধবার রাতে গভীর কোমায় চলে যাওয়ার পর লাহোরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে প্রবীণ এই ললিউড অভিনেতার বয়স হয়েছিল ৭৬ বছর। 

বার্ধক্যজনিত নানা জটিলতা ছাড়াও তিনি দীর্ঘ ১৫ দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে অসীম বুখারি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা এবং হৃদরোগের সঙ্গে লড়াই করছিলেন। 

শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার লাহোরে তার নিজ বাসভবনের কাছে জামিয়া মসজিদে আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। তার এই বিদায়ে পাকিস্তানের বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। 

তার সহকর্মী এবং দীর্ঘদিনের অভিনয় জীবনের সঙ্গীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।টেলিভিশন নাটক, মঞ্চ এবং চলচ্চিত্রে দুই দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অসীম বুখারি। পাকিস্তানি বিনোদন জগতে তিনি একজন বহুমুখী প্রতিভা হিসেবে সমাদৃত ছিলেন।

 বিশেষ করে কমেডি এবং সংবেদনশীল চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করত। তার অভিনীত ‘আইনক ওয়ালা জিন’, ‘জানজাল পুরা’, ‘পাল ভর ম্যায়’, ‘ঘান্টি’, ‘জর্দ দোপের’ এবং ‘শেহর-এ-মুরাদ’-এর মতো নাটকগুলো পাকিস্তানে ক্ল্যাসিক হিসেবে বিবেচিত। তার প্রয়াণ পাকিস্তানের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।