রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পরকীয়া ইস্যু: বাবার নামের আদ্যাক্ষর বাদ দিলেন থালাপতির ছেলে

বিনোদন ডেস্ক

মার্চ ১৫, ২০২৬, ১০:৩০ এএম

পরকীয়া ইস্যু: বাবার নামের আদ্যাক্ষর বাদ দিলেন থালাপতির ছেলে

বাবা ও ছেলের দূরত্ব

দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির ব্যক্তিগত জীবনের সংকট এবার পারিবারিক দূরত্বের রূপ নিয়েছে। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে পরকীয়ার অভিযোগে স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গম বিচ্ছেদের মামলা করার পর এবার বাবার সঙ্গে প্রকাশ্য দূরত্ব বাড়িয়েছেন ছেলে জ্যাসন সঞ্জয়। জানা গেছে ইন্ডাস্ট্রির এই নবীন পরিচালক নিজের নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর অর্থাৎ বিজয় নামের ভি সরিয়ে ফেলেছেন। 

তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের মধ্যে বাবার নামের আদ্যাক্ষর ব্যবহারের দীর্ঘদিনের প্রচলিত নিয়ম থাকলেও জ্যাসন সঞ্জয় সেই ধারা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের মাঝে গুঞ্জন ছড়িয়েছে যে বাবার নামের আদ্যাক্ষর বাদ দেওয়ার পর জ্যাসন তার নামের আগে মা সঙ্গীতা সোর্নালিঙ্গমের নামের আদ্যাক্ষর যোগ করতে পারেন। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত জ্যাসন বা তার মা সঙ্গীতা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। সাম্প্রতিক সময়ে বিজয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্ক জোরালো হওয়ার পর জ্যাসন সামাজিক মাধ্যমে তার বাবাকে আনফলো করেছেন বলেও একাধিক সূত্র দাবি করেছে। 

বিজয় ও সঙ্গীতার এই দাম্পত্য কলহ এখন আদালতের দোরগোড়ায় পৌঁছেছে। সঙ্গীতার অভিযোগ অনুযায়ী ২০২১ সাল থেকেই বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন যা নিয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিলেও বিজয় সেই সম্পর্ক ত্যাগ করেননি।এই বিচ্ছেদ মামলা নিয়ে আগামী ২০ এপ্রিল বিজয় থালাপতিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সম্প্রতি নারী দিবসের এক অনুষ্ঠানে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বিজয়। 

তিনি ভক্ত ও সমালোচকদের উদ্দেশে বলেন যে যা রটছে তা নিয়ে অযথা মাথা না ঘামিয়ে বিষয়টি উপেক্ষা করতে। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির সংসারে দুই সন্তান রয়েছে। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের এমন অবনতি এবং বাবার নামের আদ্যাক্ষর মুছতে ছেলের এমন কঠোর অবস্থান দক্ষিণী সিনেমা জগতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।