মার্চ ১৬, ২০২৬, ১০:১১ এএম
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা ৯৮তম অস্কারের আসর বসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে। স্থানীয় সময় রবিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের সেরা চলচ্চিত্র ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয়েছে এই স্বর্ণালি ট্রফি।
বর্ণাঢ্য এই আসরে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন জনপ্রিয় উপস্থাপক ও কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। প্রতি বছরের মতো এবারও হলিউডসহ বিশ্ব চলচ্চিত্রের প্রভাবশালী তারকাদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
এবারের অস্কারে সেরা অভিনেতার খেতাব জিতে নিয়েছেন মাইকেল বি জর্ডান। সিনার্স চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি এই গৌরব অর্জন করেন। অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন জেসি বাকলি। পরিচালক বিভাগে বাজিমাত করেছেন পল টমাস অ্যান্ডারসন।
তার পরিচালিত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার জিতে নিয়েছে বছরের সেরা সিনেমার পুরস্কার। চলচ্চিত্রটি শুধু সেরা সিনেমা বিভাগেই নয় বরং সেরা চিত্রনাট্য ও সম্পাদনা বিভাগেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য শন পেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন।এবারের অস্কার আসরে কারিগরি শাখাগুলোতে আধিপত্য বিস্তার করেছে ফ্রাঙ্কেনস্টাইন চলচ্চিত্রটি।
সিনেমাটি সেরা কস্টিউম ডিজাইন সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং এবং সেরা প্রোডাকশন ডিজাইনসহ তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার অর্জন করেছে। সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে যথারীতি রাজত্ব করেছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। এছাড়া কেপপ ডেমন হান্টার্স সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম এবং সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নিয়েছে। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সেন্টিমেন্টাল ভ্যালু বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।
পুরস্কারের তালিকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলনও দেখা গেছে। মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন জিতেছে সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্মের সম্মাননা। সিনার্স সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মৌলিক সংগীতে বিজয়ী হয়েছে। অন্যদিকে অ্যামি ম্যাডিগান ওয়েপনস ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর খেতাব পেয়েছেন। ডলবি থিয়েটারের এই আসরে চলচ্চিত্রপ্রেমীদের বিশেষ আকর্ষণ ছিল বিজয়ীদের বক্তব্যের দিকে যেখানে উঠে এসেছে আগামীর সিনেমার গতিপ্রকৃতি ও নানা অনুপ্রেরণার কথা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন