মার্চ ১৯, ২০২৬, ০৪:৫২ পিএম
ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’-এর নতুন গান ‘পরী’ মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রোমান্টিক ধাঁচের এই গানটিতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু।
গানের দৃশ্যায়নে দুজনকে বেশ সাবলীল ও রোমান্টিক আবহে দেখা গেছে।‘পরী’ গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
তার সঙ্গে সহশিল্পী হিসেবে গেয়েছেন বর্তমান সময়ের আলোচিত গায়িকা শোমনূর মনির কোনাল। সিনেমার গানটির কোরিওগ্রাফি এবং নির্মাণশৈলী নিয়ে ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শাকিব খানের নতুন লুক এবং ল্যান্ডস্কেপ লোকেশন গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।
পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানকে আবারও দেখা যাবে প্রভাবশালী এক গ্যাংস্টার চরিত্রে। অ্যাকশন ও ড্রামা ঘরানার এই সিনেমায় শাকিবের বিপরীতে তিনজন নায়িকাকে দেখা যাবে। কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। সিনেমার কারিগরি দিক বিশেষ করে চিত্রগ্রহণে রয়েছেন বলিউডের খ্যাতিমান চিত্রগ্রাহক অমিত রায়।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের এই নতুন সিনেমাটি। পরিচালক জানিয়েছেন, বড় ক্যানভাসের এই সিনেমাটি দর্শকদের বিনোদনের সব উপকরণ দেবে। উল্লেখ্য যে, বেশ কিছুদিন ধরেই সিনেমাটির মুক্তি নিয়ে দর্শক মহলে ব্যাপক আগ্রহ বিরাজ করছিল। বিশেষ করে বলিউডের টেকনিশিয়ান এবং দেশের শীর্ষ তারকাদের সমন্বয়ে নির্মিত এই প্রজেক্টটি ঢাকাই সিনেমার বর্তমান বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ‘পরী’ গানের সাফল্যের পর সিনেমার প্রচারণায় এখন আরও গতি আসবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন