মার্চ ২৫, ২০২৬, ১২:১১ পিএম
ডিজনি তাদের অত্যন্ত জনপ্রিয় ও সমালোচক মহলে প্রশংসিত অ্যানিমেটেড চলচ্চিত্র মোআনার লাইভ-অ্যাকশন রিমেকের প্রথম ঝলক প্রকাশ করেছে। আগামী ১০ জুলাই এটি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রকাশিত ট্রেলারে দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছেন হলিউড মহাতারকা ডোয়াইন জনসন। ব্যক্তিগত জীবন এবং রুপালি পর্দায় সাধারণত তাকে ন্যাড়া মাথায় দেখা গেলেও এই ছবিতে তিনি ধরা দিয়েছেন মাথাভর্তি ঘন ও লম্বা চুলে।
সামুদ্রিক দেবদূত মাউই চরিত্রে তার এই অভাবনীয় লুক ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।লাইভ-অ্যাকশন এই সংস্করণে প্রধান চরিত্র মোআনার ভূমিকায় অভিনয় করছেন উদীয়মান পলিনেশীয় অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়া।
তিনি দ্বীপ প্রধানের সাহসী কন্যার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন। ট্রেলারে দেখা গেছে মূল অ্যানিমেটেড ছবির আইকনিক দৃশ্যগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে রিয়্যালিস্টিক ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে পুনঃসৃষ্টি করা হয়েছে।
এছাড়া মূল ছবির কালজয়ী গান হাউ ফার আই’ল গোর সুরও ট্রেলারে ব্যবহার করা হয়েছে যা দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।সিনেমার কাহিনী সংক্ষেপ অনুযায়ী নিজের দ্বীপ ও জনগণকে এক মহাবিপদ থেকে রক্ষা করতে মোআনা এক দুঃসাহসিক সমুদ্রযাত্রায় বের হয়। তার প্রধান লক্ষ্য হলো জীবন দানকারী দ্বীপ দেবী টি ফিটির চুরি হওয়া হৃদয়টি পুনরায় যথাস্থানে স্থাপন করা। এই দুর্গম পথে তার অপরিহার্য সঙ্গী হন শক্তিশালী মাউই।
দীর্ঘ যাত্রায় তারা নানা অতিপ্রাকৃত শক্তির মুখোমুখি হন যার মধ্যে রয়েছে বিশালকায় কাঁকড়া টামাটিও এবং ভয়ংকর আগ্নেয়গিরির দানব টি কা। ট্রেলারের উচ্চ রেজোলিউশনের ভিজ্যুয়ালগুলোতে এসব প্রতিকূলতাকে বেশ রোমাঞ্চকর রূপে ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি ভক্তদের অতি পরিচিত বোকা মুরগি হেইহেই চরিত্রটিও এই সংস্করণে স্বমহিমায় ফিরছে।
টমাস কেল পরিচালিত এই সিনেমার অন্যতম প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন খোদ ডোয়াইন জনসন। তার সাথে যৌথভাবে কাজ করছেন জনপ্রিয় সংগীত পরিচালক লিন-মানুয়েল মিরান্ডা। ডিজনির পক্ষ থেকে জানানো হয়েছে যে মোআনা ছাড়াও আগামী কয়েক বছরে ফ্রোজেন, লিলো ও স্টিচ এবং দ্য ইনক্রেডিবলস ছবির নতুন কিস্তিগুলো বড় পর্দায় আসবে। মূলত বিশ্বজুড়ে দর্শকদের নস্টালজিয়াকে কাজে লাগিয়ে বড় ধরনের ব্যবসায়িক সাফল্যের লক্ষ্যেই ডিজনি এই পরিকল্পনা হাতে নিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন