মার্চ ২৬, ২০২৬, ০৩:৩৩ পিএম
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন সিনেমা স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে মুক্তির আগেই বিনোদন বিশ্বে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। গত ১৭ মার্চ ট্রেলার প্রকাশের পর মাত্র চার দিনের মাথায় এটি ১০০ কোটি বা ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করে একটি নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে।
ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী ট্রেলারটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টাতেই ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে চুরমার করে দেয়। এর আগে প্রথম দিনে সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ড ছিল ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমার দখলে যা ৩৬ কোটি ৫০ লাখ ভিউ পেয়েছিল।
এছাড়া টম হল্যান্ডের আগের সিনেমা স্পাইডারম্যান: নো ওয়ে হোম পেয়েছিল ৩৫ কোটি ৫৫ লাখ ভিউ।নতুন এই কিস্তিতে পিটার পার্কারের জীবনের এক কঠিন ও একাকী লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে।
পূর্ববর্তী ঘটনার রেশ ধরে জাদুকরী প্রভাবে এখন এমন এক পৃথিবীতে পিটার বাস করছেন যেখানে কেউ তাকে চেনে না। এমনকি তার প্রিয়তমা এমজে তাকে চিনতে পারছেন না। ট্রেলারে দেখা গেছে এমজে তার জীবনে এগিয়ে গেলেও পিটার তাকে বিপদমুক্ত রাখতে নিজের পরিচয় গোপন রাখছেন। এই আবেগঘন ও রোমাঞ্চকর কাহিনীর আভাস ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।
মার্ভেল স্টুডিওস আশা করছে সিনেমাটি বক্স অফিসেও একই ধরনের সাফল্য ধরে রাখবে। আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি। ট্রেলারে দেখানো একাকী লড়াই এবং পিটারের চারিত্রিক পরিবর্তন দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে যা এই রেকর্ড ভিউয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন