মার্চ ২৭, ২০২৬, ১১:০১ পিএম
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ক্যারিয়ারের দুই দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। প্রতি বছর দুই ঈদে তার সিনেমা মুক্তি পাওয়া মানেই প্রেক্ষাগৃহ মালিকদের মুখে হাসি এবং দর্শকদের উপচে পড়া ভিড়। এ বছরও তার অভিনীত প্রিন্স সিনেমাটি মুক্তি পেয়েছে যা নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।
তবে এবারের ঈদে শাকিবকে ঘিরে প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণটি কিছুটা ভিন্ন। সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই নানা কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতায় পড়েছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সের মতো বড় চেইনগুলোতে যান্ত্রিক ত্রুটির কারণে সিনেমাটি প্রদর্শনে বিঘ্ন ঘটে। অনেক ক্ষেত্রে টিকিট বিক্রি হওয়ার পরও দর্শকদের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
এসব সীমাবদ্ধতার কারণে প্রিন্স নিয়ে শাকিব খান কিছুটা নিস্তেজ অবস্থানে থাকলেও তাকে পুরোপুরি ব্যর্থ বলা যাবে না। কারণ দেশের একক পর্দা বা সিঙ্গেল স্ক্রিনগুলোতে সিনেমাটি এখনো দাপটের সাথে চলছে।
বিশ্লেষকদের মতে স্টার সিনেপ্লেক্সের কারিগরি সমস্যা শাকিবের জনপ্রিয়তায় কোনো ভাটা ফেলতে পারেনি বরং এটি প্রযোজক ও পরিচালকদের জন্য একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দমে যাননি এই মেগাস্টার। তিনি বর্তমানে মালয়েশিয়ায় তার নতুন সিনেমা রকস্টারের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।আগামীকাল ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। ১৯৭৯ সালে গোপালগঞ্জে জন্ম নেওয়া এই নায়কের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে রকস্টার সিনেমার টিজার প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক আজমান রুশো।
নির্মাতা জানিয়েছেন এই সিনেমায় শাকিবকে একদম ভিন্ন রূপে দেখা যাবে। একজন আধুনিক রক মিউজিশিয়ানের চরিত্রে অভিনয়ের জন্য শাকিব গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন এমনকি গিটার বাজানোও শিখেছেন। প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এমন চ্যালেঞ্জিং চরিত্রে তিনি এবারই প্রথম অভিনয় করছেন। রকস্টার সিনেমার চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন এবং এটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন।
সিনেমাটিতে শাকিবের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলার নাম নিশ্চিত করা হলেও প্রধান নায়িকা হিসেবে সাবিলা নূর থাকছেন বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা দিয়ে যাত্রা শুরু করা শাকিব খান এখন কেবল একজন নায়ক নন বরং ঢাকাই সিনেমার অস্তিত্ব রক্ষার কান্ডারি হয়ে উঠেছেন। নতুন নতুন লুকে নিজেকে উপস্থাপন করে দর্শকদের চমকে দেওয়া শাকিবের সহজাত বৈশিষ্ট্য। এবার রকস্টার দিয়ে তিনি সেই ধারা বজায় রাখতে পারবেন কিনা তা দেখার অপেক্ষায় রয়েছেন কোটি ভক্ত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন