মার্চ ২৮, ২০২৬, ০৭:৪১ পিএম
ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ডিজিটাল প্রিমিয়ার হয়েছে বিশেষ চলচ্চিত্র ‘আলী’। বিপ্লব হায়দারের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি এখন দর্শকরা বঙ্গ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারছেন। সিনেমাটিতে এক আবেগঘন মানবিক গল্প তুলে ধরা হয়েছে যেখানে অভিনয় করেছেন একঝাঁক শক্তিমান অভিনেতা।
যাদের মধ্যে রয়েছেন ইরফান সাজ্জাদ, প্রতিজ্ঞা, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ এবং শওকত সজলের মতো পরিচিত মুখ।সিনেমাটির মূল কাহিনি আবর্তিত হয়েছে একজন অটিজমে আক্রান্ত ও বাকপ্রতিবন্ধী যুবক এবং তার বোন রশ্মিকে কেন্দ্র করে।
কেন্দ্রীয় চরিত্র আলীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। পুরো সিনেমায় তাকে ইশারা ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অভিনয় করতে দেখা গেছে যা দর্শকদের জন্য একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।
অন্য প্রধান চরিত্রে অভিনয় করা প্রতিজ্ঞা তার ভাইয়ের প্রতি ভালোবাসা ও জীবন সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলেছেন। গল্পের এক পর্যায়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যায় দুই ভাই-বোন। এরপর শুরু হয় আলীর এক কঠিন ও নিঃসঙ্গ জীবনযাত্রা।গেল বছরের জুলাই মাসে বড় পর্দায় মুক্তি পাওয়া এই সিনেমাটি যারা প্রেক্ষাগৃহে দেখার সুযোগ পাননি তাদের জন্য এটি বিশেষ সুযোগ নিয়ে এসেছে।
বঙ্গতে মুক্তি পাওয়ার পর থেকেই ডিজিটাল দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চলচ্চিত্র সংশ্লিষ্ট গ্রুপে সিনেমাটির গল্প ও নির্মাণশৈলী নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সামাজিক চ্যালেঞ্জ এবং পরিবারের সদস্যদের ত্যাগের চিত্র বাস্তবসম্মতভাবে উপস্থাপনের জন্য সিনেমাটি বোদ্ধা মহলে প্রশংসিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন