এপ্রিল ১৭, ২০২৬, ০৫:৩৬ পিএম
গেল ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’ এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের জয়যাত্রা শুরু করল। দেশের প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর শুক্রবার ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের এই রোমান্টিক থ্রিলার ছবিটি উত্তর আমেরিকার ৯টি প্রধান শহরে প্রদর্শিত হচ্ছে।
আন্তর্জাতিক পরিবেশক গ্যালাক্সি মিডিয়ার মাধ্যমে সিনেমাটি প্রবাসী বাঙালিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। ছবিটির মুক্তি উপলক্ষে নিউ ইয়র্কের একটি পার্টি হলে জমকালো প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও প্রবাসী সাংবাদিকরা।
সিনেমাটির আন্তর্জাতিক মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিবেশক সংস্থার কর্ণধার বদরুদ্দোজা সাগর। তিনি জানান, গ্যালাক্সি মিডিয়া সব সময় ভিন্নধর্মী এবং শক্তিশালী গল্পের বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চায়। ‘রাক্ষস’ এমন একটি কাজ যা শুধু বিনোদন নয়, বরং দর্শকদের মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার মুখোমুখি করবে।
উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতে এই সিনেমাটি প্রবাসী দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রিয়েল এনার্জী প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।ছবিটির মূল আকর্ষণ জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ চরিত্রে এক বিধ্বংসী ও রহস্যময় রূপে তাঁকে দেখা গেছে, যা ইতোমধ্যেই ট্রেলার ও পোস্টারের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের মতে, এটি কেবল একটি সাধারণ অ্যাকশন বা রোমান্টিক সিনেমা নয়; বরং মানুষের ভেতরের অন্ধকার দিক এবং প্রতিশোধের এক নিবিড় গল্প। তীব্র নাটকীয়তা আর চমৎকার ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে দর্শকদের এক ভিন্নধর্মী সিনেম্যাটিক স্বাদ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। প্রবাসীদের মধ্যে সিয়ামের এই নতুন লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধান এএমসি (AMC) থিয়েটারগুলোতে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ফ্লোরিডার এএমসি অ্যাভেন্টুরা মল ২৪ ও সানসেট প্লেস ২৪, কলোরাডোর এএমসি হাইল্যান্ডস র্যাঞ্চ ২৪ এবং ফোর্ট কলিন্স ১০-এ চলছে সিনেমাটি। এছাড়া নিউ জার্সির জার্সি গার্ডেনস ২০, ব্রান্সউইক স্কয়ার ১৩ ও চেরি হিল ২৪-এও প্রদর্শনী হচ্ছে। ম্যাসাচুসেটস, মিশিগান, ওহাইও, নর্থ ক্যারোলিনা এবং ওকলাহোমার এএমসি থিয়েটারগুলোতেও ছবিটি দেখা যাচ্ছে। পেনসিলভেনিয়ার এএমসি নেশামিনি ২৪ থিয়েটারে আগামী ২২ এপ্রিল থেকে প্রদর্শনী শুরু হবে। এর মাধ্যমে বাংলা সিনেমা বিশ্ববাজারে নতুন করে নিজের সামর্থ্য জানান দিচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন