রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বড় পর্দা নাকি ছোট পর্দা, যা বললেন চিত্রনায়িকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০৭:৪৬ পিএম

বড় পর্দা নাকি ছোট পর্দা, যা বললেন চিত্রনায়িকা পূর্ণিমা

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রে এক সময় একটি অলিখিত নিয়ম ছিল যে বড় পর্দার তারকারা ছোট পর্দায় কাজ করলে তাদের জনপ্রিয়তা বা গুরুত্ব কমে যায়। তবে সেই প্রচলিত ছক ভেঙে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও সমানভাবে দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে কাজের মাধ্যম পরিবর্তন নিয়ে নানারকম কথা শুনলেও নিজের অভিনয়সত্তার জায়গায় সবসময় অবিচল ছিলেন এই গুণী তারকা। 

সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে নিজের সেই সব পুরোনো অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সময়ে নাটক, টেলিফিল্ম এমনকি ওটিটিতেও কাজ করার কারণে পূর্ণিমাকে অনেক নেতিবাচক মন্তব্য সহ্য করতে হয়েছে। 

সেই স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান যে এক সময় অনেকেই তাকে সতর্ক করে বলতেন তিনি সিনেমার নায়িকা হয়ে কেন নাটকে অভিনয় করছেন।

সমালোচকদের যুক্তি ছিল যে সাধারণ মানুষ যদি টেলিভিশনের নাটকে তাকে বিনামূল্যে দেখতে পায় তবে কেউ আর টাকা খরচ করে সিনেমা হলে তাকে দেখতে যাবে না। অর্থাৎ নাটকে অভিনয় করলে ফিল্মে কাজ পাওয়ার সুযোগ হারাবেন বলে অনেকেই তাকে ভয় দেখাতেন।

তবে কাজের ক্ষেত্র নিয়ে কখনোই এমন সংকীর্ণ ভাবনায় বিশ্বাসী ছিলেন না পূর্ণিমা। তার কাছে অভিনয়ই ছিল প্রধান অগ্রাধিকার। পূর্ণিমা মনে করেন নাটক বা টেলিফিল্মও তার জন্য একটি কমফোর্ট জোন এবং বিশেষ করে ঈদের মতো উৎসবগুলোতে ভালো গল্পের কাজ পেলে তিনি সবসময় তা করতে পছন্দ করেন। 

অভিনয় শিল্পী হিসেবে নিজেকে কোনো একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখার পক্ষপাতী তিনি কখনোই ছিলেন না।মাত্র ১৫ বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পূর্ণিমার। প্রথম সিনেমায় তার নায়ক ছিলেন ফেরদৌস। 

এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল ও আমিন খানসহ দেশের শীর্ষ সব নায়কদের বিপরীতে অভিনয় করেছেন। 

প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই নায়িকার ঝুলিতে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘মধুর মিলন’ ও ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ এর মতো ব্যবসা সফল ও জনপ্রিয় সব সিনেমা।

জাতীয় পর্যায়ে বড় স্বীকৃতিও পেয়েছেন তিনি। গুণী নির্মাতা কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অসামান্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা। বর্তমানে তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আহারে জীবন’ নিয়েও দর্শকদের মাঝে বেশ ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। কাজের মাধ্যম যা-ই হোক মানসম্পন্ন গল্প ও চরিত্রের প্রতি তার এই নিষ্ঠা তাকে ইন্ডাস্ট্রিতে দীর্ঘস্থায়ী জায়গা করে দিয়েছে।