এপ্রিল ১৮, ২০২৬, ১০:৩২ পিএম
বলিউডের রোমান্স কিং শাহরুখ খানের সঙ্গে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের জুটি বাধার খবর নিয়ে এখন সরগরম মুম্বাই পাড়া। আর এই দুই বড় তারকাকে এক ফ্রেমে আনার পরিকল্পনা করছেন প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানশালি। সম্প্রতি ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বানশালি তার পরবর্তী বড় বাজেটের সিনেমায় শাহরুখের বিপরীতে আলিয়াকে নেওয়ার জোরালো চিন্তাভাবনা করছেন।
দীর্ঘদিন ধরে আটকে থাকা ‘ইনশাআল্লাহ’ সিনেমাটি নিয়ে নতুন করে এই গুঞ্জন শুরু হয়েছে।আগে জানা গিয়েছিল এই সিনেমায় সালমান খানকে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা ছিল বানশালির। তবে কোনো এক অজ্ঞাত কারণে সেই প্রজেক্ট আর সামনে এগোয়নি। এখন শোনা যাচ্ছে পরিচালক তার পুরোনো সহকর্মী শাহরুখ খানকে নিয়েই সিনেমাটির কাজ শুরু করতে চান।
বানশালির সাথে শাহরুখের কাজের ইতিহাস বেশ পুরোনো হলেও তা অত্যন্ত সার্থক। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেবদাস’ সিনেমায় তারা দর্শকদের উপহার দিয়েছিলেন এক কালজয়ী সৃষ্টি। এরপর প্রায় দুই যুগ পার হয়ে গেলেও এই জুটিকে আর একসাথে কোনো সিনেমায় দেখা যায়নি।
অন্যদিকে শাহরুখ খান এবং আলিয়া ভাট আগে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় একসাথে অভিনয় করেছিলেন। তবে সেখানে তাদের পর্দার রসায়ন ছিল শিক্ষক ও ছাত্রীর সম্পর্কের। ফলে এবার যদি তারা বানশালির সিনেমায় একে অপরের বিপরীতে অভিনয় করেন তবে প্রথমবারের মতো পর্দায় তাদের রোমান্স দেখার সুযোগ পাবেন ভক্তরা।
আলিয়া ভাট সবসময়ই পরিচালকের প্রিয় অভিনেত্রীদের তালিকায় থাকায় তার অন্তর্ভুক্তির বিষয়টি অনেকটা নিশ্চিত বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।সাম্প্রতিক বছরগুলোতে শাহরুখ খানকে মূলত ‘পাঠান’ এবং ‘জওয়ান’ এর মতো অ্যাকশনধর্মী সিনেমাতে বেশি দেখা গেছে। এই সব হাই-ভোল্টেজ সিনেমায় কাজ করতে গিয়ে বলিউড বাদশা কয়েকবার শারীরিক আঘাতের সম্মুখীনও হয়েছিলেন।
সেই জায়গা থেকে কিছুটা স্বস্তিদায়ক কাজ হিসেবে তিনি আবারও নিজের চিরচেনা রোমান্টিক ঘরানায় ফেরার কথা ভাবছেন বলে গুঞ্জন রয়েছে। বলিউড ইনসাইডারদের মতে সব ঠিকঠাক থাকলে আগামী জুন মাসের মধ্যেই এই সিনেমার বিষয়ে বড় কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে ২০২৬ সালের অন্যতম আলোচিত বিষয় হতে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন