রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে ঝড় তুলতে আসছে ‘দম’

বিনোদন ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ০৫:২৭ পিএম

সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে ঝড় তুলতে আসছে ‘দম’

ঈদুল ফিতরে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে অভাবনীয় সাফল্যের পর এবার সারা দেশ মাতাতে আসছে বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ‘দম’। আভিজাত্য ও আধুনিক প্রযুক্তির মাল্টিপ্লেক্স জয় করার পর এবার দেশের প্রতিটি প্রান্তের সাধারণ দর্শকদের জন্য সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে এই সিনেমা। আগামী শুক্রবার (২৪ এপ্রিল) থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া—সারা দেশের প্রেক্ষাগৃহে একযোগে শুরু হতে যাচ্ছে ‘দম’-এর প্রদর্শনী। 

এর মাধ্যমে ঢাকাই সিনেমার জনপ্রিয়তায় নতুন এক ইতিহাস রচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিশ্চিত করেছে যে, আগামী ২৪ এপ্রিল থেকে দেশের ৫০টিরও বেশি সিঙ্গেল স্ক্রিনে একযোগে প্রদর্শিত হবে রেদওয়ান রনি পরিচালিত এই চলচ্চিত্র। 

প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনা ছিল শুরু থেকেই সুদূরপ্রসারী। পাইরেসির ঝুঁকি এড়াতে প্রথম দিকে কেবল মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সাধারণ দর্শকদের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত ছবি।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল এ প্রসঙ্গে জানান, অভিনেতা আফরান নিশোর ভক্তরা যারা এতদিন সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের এবার নিরাশ হতে হবে না। আন্তর্জাতিক মানের মেকিং এবং সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মৌলিক গল্পটি দর্শকদের জন্য এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেবে। তিনি আরও জানান, সিঙ্গেল স্ক্রিনের জন্য এরই মধ্যে নতুন পোস্টার ডিজাইন করা হয়েছে এবং হলগুলোতে পাঠানোর কাজ চলছে। ঢাকার মধুমিতা, শ্যামলী, সাভারের সেনা অডিটরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা ও যশোরের মণিহারের মতো বড় হলগুলো দমের মহাগর্জনে মুখরিত হবে।

সিনেমাটি বড় পরিসরে মুক্তি পাওয়া নিয়ে পরিচালক রেদওয়ান রনি অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি বলেন, "দম কেবল একটি সিনেমা নয়, এটি প্রতিটি বাংলাদেশির জয়ের গল্প। সাহসিকতার এই গল্পটি সারা দেশের মানুষের কাছে নিয়ে যেতে পেরে আমি আনন্দিত।" প্রধান চরিত্রের অভিনেতা আফরান নিশো জানান, গল্পের গভীরতা এবং পারফর্মার হিসেবে নিজের উন্নতির সুযোগ দেখেই তিনি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন। দর্শকদের অকৃত্রিম ভালোবাসা এই ছবিটিকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে বলে তাঁর বিশ্বাস।

দেশের সীমানা ছাড়িয়ে ‘দম’ এখন আন্তর্জাতিক অঙ্গনেও বেশ দাপুটে অবস্থানে রয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি পেয়েছে এবং সেখানে দর্শকদের দারুণ সাড়া মিলছে। উত্তর আমেরিকায় সিনেমাটির জনপ্রিয়তা এতটাই যে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে হলের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ৫০টিতে উন্নীত করা হয়েছে। আফরান নিশো ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসানের মতো দাপুটে তারকারা।