এপ্রিল ২২, ২০২৬, ১২:২১ এএম
হলিউডের কালজয়ী ও জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে ২০২৬ সালে পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ কভার স্টার হিসেবে নির্বাচিত হয়েছেন। ৪৩ বছর বয়সে এসে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনে রয়েছে তাঁর দীর্ঘ সংগ্রামের গল্প এবং জীবনবোধের এক অভাবনীয় পরিবর্তন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হ্যাথাওয়ে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি নিজের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন, কারণ তিনি ভাবতেন কঠোর পরিশ্রমই একজন ভালো শিল্পী হওয়ার একমাত্র চাবিকাঠি। তবে চল্লিশের কোঠায় এসে তিনি জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন এবং এখন কেবল জীবনের আনন্দময় অংশগুলো উপভোগ করতে চান।
অ্যান হ্যাথাওয়ের পর্দার যাত্রা শুরু হয়েছিল ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ সিনেমার মাধ্যমে, যা তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।
এরপর তিনি ‘ব্রোকব্যাক মাউন্টেন’ ও ‘বিকামিং জেইন’-এর মতো শিল্পসম্মত সিনেমা থেকে শুরু করে ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ বা ‘ইন্টারস্টেলার’-এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে ‘লা মিজারেবলস’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি অস্কার জয়ের গৌরব অর্জন করেন। তাঁর এই বর্ণাঢ্য ক্যারিয়ার এবং অদম্য প্রাণশক্তিই তাঁকে আজকের এই অনন্য অবস্থানে নিয়ে এসেছে।
অভিনয় জীবনের পাশাপাশি ২০২৬ সালটি হ্যাথাওয়ের জন্য অত্যন্ত ব্যস্ততম হতে চলেছে, কারণ চলতি বছরেই তাঁর অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে বিশ্বজুড়ে ভক্তদের মাঝে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা টু’। প্রায় দুই দশক পর তিনি আবারও তাঁর আইকনিক ‘অ্যান্ডি স্যাকস’ চরিত্রে ফিরছেন, যা দর্শকদের মাঝে ব্যাপক নস্টালজিয়া তৈরি করেছে। এই সিক্যুয়েলে তাঁর সঙ্গে পুরনো সহশিল্পী মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচিকেও দেখা যাবে বলে জানা গেছে।
ব্যক্তিগত জীবনে অ্যান হ্যাথাওয়ে সফলভাবে ঘরসংসার সামলাচ্ছেন। তিনি ১২ বছর আগে জুয়েলারি ডিজাইনার ও প্রযোজক অ্যাডাম শুলমানকে বিয়ে করেন এবং তাঁদের দাম্পত্য জীবনে বর্তমানে দুটি পুত্রসন্তান রয়েছে। কর্মক্ষেত্র এবং ব্যক্তিজীবনের সুষম ভারসাম্যই তাঁকে ৪৩ বছর বয়সে এসেও মানসিকভাবে প্রশান্ত এবং শারীরিকভাবে লাবণ্যময়ী করে রেখেছে বলে মনে করেন ম্যাগাজিনটির বিচারক ও ভক্তরা। সুন্দরী এই অভিনেত্রীর মতে, জীবনের অস্বস্তিকর দিকগুলো এড়িয়ে কেবল মজার মুহূর্তগুলো উপভোগ করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন