এপ্রিল ২৫, ২০২৬, ০৪:৪২ পিএম
হাসিখুশি মুখ আর প্রাণবন্ত অভিনয় দিয়ে খুব অল্প সময়েই নেটিজেনদের মন জয় করে নিয়েছিলেন হরিয়ানার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল দিব্যাঙ্কা সিরোহী। কিন্তু তাঁর সেই পরিচিত হাসি যে এত দ্রুত মিলিয়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র ৩০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন এই প্রতিভাবান শিল্পী।
তাঁর মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, যা দেখে অনেক অনুরাগী দাবি করছেন যে অভিনেত্রী কি তবে আগে থেকেই নিজের মৃত্যুর কোনো সংকেত পেয়েছিলেন।
২০২৩ সালে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন দিব্যাঙ্কা। সেখানে নীল জ্যাকেট আর মাথায় মেরুন রঙের পাগড়ি পরিহিত অবস্থায় বেশ শান্ত ও ধ্যানমগ্ন দেখাচ্ছিল তাঁকে। সেই ছবির ক্যাপশনে তিনি অত্যন্ত রহস্যজনকভাবে লিখেছিলেন যে মহাদেব যেন তাঁকে নিজের সঙ্গে নিয়ে যান।
তাঁর এই পুরনো কথাটি এখন নতুন করে চর্চায় উঠে এসেছে। ভক্তদের একাংশের ধারণা, আধ্যাত্মিক কোনো তাড়না বা মানসিক কোনো অবস্থা থেকে তিনি হয়তো এমন আকুতি জানিয়েছিলেন, যা আজ মর্মান্তিকভাবে সত্য হয়ে ধরা দিল।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল গাজিয়াবাদে নিজের বাড়িতে থাকাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন দিব্যাঙ্কা। পরিবারের সদস্যরা সময় নষ্ট না করে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
তরুণ এই অভিনেত্রীর এমন আকস্মিক প্রস্থানে তাঁর পরিবার ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।১৯৯৬ সালে উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া দিব্যাঙ্কা মিরাটের চৌধুরী চরণসিং ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং পরবর্তীতে সিকিম থেকে সফলভাবে এমবিএ সম্পন্ন করেন। তবে পড়াশোনা শেষে তিনি স্থির করেন বিনোদন জগতেই নিজের ভাগ্য অন্বেষণ করবেন। ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি তাঁর ছিল সহজাত ঝোঁক। প্রথম দিকে টিকটক ভিডিওর মাধ্যমে নজরে এলেও পরবর্তীতে পাঞ্জাবি গানে তাঁর একটি পারফরম্যান্স ভাইরাল হলে তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
স্বল্প সময়ের ক্যারিয়ারে দিব্যাঙ্কা কাজ করেছেন ৫০টিরও বেশি জনপ্রিয় মিউজিক ভিডিওতে। মাসুম শর্মা, কেডি এবং অমিত সাইনি রোহতকিয়ার মতো নামী তারকাদের সঙ্গে সাবলীলভাবে পর্দা ভাগ করেছেন তিনি। তাঁর অকাল প্রয়াণে হরিয়ানার আঞ্চলিক বিনোদন শিল্পের এক অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অগণিত ভক্ত প্রিয় এই অভিনেত্রীর আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন