বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিয়ে করলেন মেহরীন পিরজাদা

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০২:৫৭ পিএম

বিয়ে করলেন মেহরীন পিরজাদা

বিয়ে করলেন মেহরীন পিরজাদা

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মেহরীন পিরজাদা। গত ২০২১ সালে বাগদান ভেঙে যাওয়ার পর থেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে নানা আলোচনা চললেও এবার নিজেই সুখবরটি প্রকাশ্যে আনলেন এই তারকা। রবিবার হিমাচল প্রদেশের এক মনোরম পরিবেশে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে আরশ ওলাখের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 

মেহরীন তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ভক্তদের এই সারপ্রাইজ দিয়েছেন।বিয়ের বিশেষ এই দিনে মেহরীন পিরজাদা সেজেছিলেন আভিজাত্যপূর্ণ ব্লাশ-পিঙ্ক রঙের একটি সিকুইন কাজ করা লেহেঙ্গায়। 

সাজের পরিপূর্ণতা আনতে তিনি বেছে নিয়েছিলেন পাথরের লেয়ারড নেকলেস এবং মানানসই কানের দুল। হালকা মেকআপের সঙ্গে ঘোমটার নিচে খোলা চুলে তাঁকে বেশ মোহনীয় লাগছিল। অন্যদিকে তাঁর বর আরশ ওলাখও মেহরীনের সঙ্গে রং মিলিয়ে একই ব্লাশ-পিঙ্ক পোশাক পরিধান করেন। 

ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে মেহরীন ক্যাপশনে তাঁর বিয়ের তারিখটি উল্লেখ করেন যা দেখে ভক্ত ও সহকর্মীরা নবদম্পতিকে অভিনন্দন বার্তায় ভাসিয়ে দিচ্ছেন।গত বছরের শেষের দিকে মেহরীনের গোপন বিয়ের একটি খবর চাউর হয়েছিল যা নিয়ে তিনি সেই সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যেদিন সত্যিই বিয়ে করবেন সেদিন পুরো বিশ্বকে তা জানিয়েই করবেন। মেহরীন তাঁর সেই কথা রেখেছেন এবং বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই ভক্তদের সব জানিয়েছেন। বিয়ের পর তাঁর এই স্বচ্ছতা ভক্তদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই পেরিয়ে জীবনের নতুন এই অধ্যায় শুরু করায় শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভকামনা জানাচ্ছেন।

মেহরীনের ক্যারিয়ারের শুরুটা ছিল মাত্র ১০ বছর বয়সে মডেলিং ও র‍্যাম্পে হাঁটার মাধ্যমে। ২০১৩ সালে তিনি ‍‍`মিস পারসোনালিটি সাউথ এশিয়া কানাডা‍‍`সহ বেশ কিছু সুন্দরী প্রতিযোগিতায় সেরার মুকুট অর্জন করেন। এরপর ২০১৬ সালে তেলেগু সিনেমা ‍‍`কৃষ্ণা গাডি ভীরা প্রেমা গাধা‍‍`র মাধ্যমে চলচ্চিত্র জগতে তাঁর সফল অভিষেক ঘটে। বলিউডেও তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‍‍`ফিল্লোরি‍‍` সিনেমার মাধ্যমে। ভারত ও কানাডার বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপনেও তিনি এক সময় জনপ্রিয় মুখ ছিলেন। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রেখে মেহরীন পিরজাদা এখন তাঁর জীবনের এক নতুন বসন্তকাল উদযাপন করছেন।