রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তানজিকা

বিনোদন ডেস্ক

মে ৫, ২০২৬, ০৯:৫৬ পিএম

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তানজিকা

জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন

অভিনয়জীবনের দুই দশকেরও বেশি সময় পার করলেও তানজিকা আমিন বরাবরই পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেছেন। তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যেমন নতুন করে আলোচনায় এসেছেন, তেমনি নিজের ব্যক্তিগত জীবনের একসময়ের চর্চিত বিচ্ছেদ নিয়েও এবার মুখ খুলেছেন তিনি।

দীর্ঘদিনের নীরবতা ভেঙে স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে নিজের পুরোনো সম্পর্কের ইতি টানা প্রসঙ্গে তিনি জানিয়েছেন এক গভীর উপলব্ধির কথা। তানজিকার মতে, বিচ্ছেদ মানেই তিক্ততা নয়, বরং কখনো কখনো দুজন ভালো মানুষও স্রেফ একসঙ্গে থাকতে না পারার কারণে আলাদা হয়ে যান।

২০১১ সালে পরিণয়ে আবদ্ধ হওয়ার মাত্র দুই বছরের মাথায় সেই সংসার ভেঙে যাওয়া নিয়ে তানজিকার কোনো আক্ষেপ নেই। তার কথায়, "দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর খুবই ভালো মানুষ। 

সে এখন অন্য জায়গায় সুন্দরভাবে সংসার করছে, আমিও আমার জায়গায় ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে থাকা হয়নি।"অভিনেত্রীর মতে, বিয়ের সিদ্ধান্তটি সঠিক থাকলেও পরিস্থিতি বা বোঝাপড়ার অমিলের কারণে বিচ্ছেদটা ছিল অনিবার্য এক বাস্তবতা। তবে অতীতকে সুন্দর স্মৃতি হিসেবেই বর্ণনা করেছেন তানজিকা।বিচ্ছেদের দীর্ঘ এক দশক পর ২০২৪ সালের শেষ দিকে এসে আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই অভিনেত্রী। 

অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করে বর্তমানে তিনি বেশ সুখেই দিন কাটাচ্ছেন। একইসঙ্গে কাজের ক্ষেত্রেও ফিরে পেয়েছেন পুরোনো ছন্দ। ওটিটি ও টেলিভিশন নাটকে সরব উপস্থিতির ধারাবাহিকতায় আগামী ঈদুল আজহায় তাকে দেখা যাবে সাগর জাহান পরিচালিত ‘অবুঝ চোখ’ নাটকে।ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেছনে ফেলে তানজিকা এখন নিজেকে নতুন করে চেনাতে ব্যস্ত পর্দার প্রতিটি চরিত্রে।