মে ৫, ২০২৬, ১০:৩৯ পিএম
শাকিব খান মানেই স্ক্রিনে নতুন কিছু। রকস্টার সিনেমার টিজারেও সেটির প্রমাণ মিলেছে। সম্প্রতি ৮০ সেকেন্ডের এই টিজার প্রকাশ পেয়েছে। মিউজিক ও অ্যাকশনের মিশেলে তৈরি টিজারটি দর্শকদের নজর কেড়েছে। এর সিনেমাটোগ্রাফি ও কালার গ্রেডিং দেশীয় সিনেমায় ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে।
পুরো টিজার শাকিব খানকে কেন্দ্র করেই বানানো। কখনো তিনি হাতে গিটার নিয়ে মঞ্চে গাইছেন, কখনো আবার তাকে দেখা গেছে রোমান্টিক বা অ্যাকশন লুকে।
সিনেমার নামের সঙ্গে মিল রেখে মিউজিককেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমারে উড়িয়ে দাও বা আমারে পুড়িয়ে দাও গানের কথার সঙ্গে রক মিউজিকের ব্যবহার শ্রোতাদের টেনেছে। এর একটি সংলাপও বেশ আলোচনায় এসেছে, যেখানে বলা হয়, সংগীত কেবল বাদ্যযন্ত্রের সুর নয়, কখনো কখনো এটি জীবনের চেয়েও বড় কিছু।
সিনেমাটি শুধু গানে আটকে নেই। টিজারে আগুনকে খোঁজা এবং অ্যাকশন দৃশ্যগুলো দেখে বোঝা যায়, এর গল্পে প্রতিশোধ বা লড়াইয়ের বিষয় আছে।আজমান রুশোর গল্প ও পরিচালনায় সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা। তবে প্রথম টিজারে তাদের দেখা যায়নি। সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে।
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু। চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি আর সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন অজয় কুমার কুন্ডু। শিগগিরই সিনেমাটির দ্বিতীয় টিজার আসবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন