জুন ১৫, ২০২৬, ০৪:৫৮ পিএম
মহারাষ্ট্রের পালঘর জেলায় নিজ বাসা থেকে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার সন্ধ্যা সাতটার দিকে নিজ বাসভবনে তার নিথর দেহ পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে অভিনেত্রীর বাবা কারো বিরুদ্ধে সন্দেহ প্রকাশ না করায়, পুলিশ একে আকস্মিক মৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
এই উঠতি তারকার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগেও সঞ্চিতা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এবং একটি রিল পোস্ট করেছিলেন, যা দেখে তার ভক্তরা হতবাক। জনপ্রিয় ধারাবাহিক কুমকুম ভাগ্য এবং দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগি-তে তার অভিনয় দর্শকহৃদয়ে বিশেষ স্থান তৈরি করেছিল। এছাড়া ভিকি কৌশল অভিনীত ছাবা সিনেমায় তারাবাই চরিত্রে তার সাবলীল অভিনয় প্রশংসিত হয়েছিল।
হিন্দি টেলিভিশন ও চলচ্চিত্র জগতে মাত্র ২২ বছর বয়সেই সঞ্চিতা নিজেকে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তার মৃত্যুর সঠিক কারণ এখনো অস্পষ্ট, তবে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন