জুন ১৮, ২০২৬, ০৩:০৪ পিএম
স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন জানান।
উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আদালত অভিনেতার আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানির পুরোটা সময় পার করেন ছোট পর্দার এই পরিচিত অভিনেতা।আদালতে শুনানির সময় জাহের আলভীর পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ বেশ কয়েকজন আইনজীবী অংশ নেন। আসামিপক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেন যে আলভী এই দুঃখজনক ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।
কেবল ব্যক্তিগত জিদ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁর বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলাটি দায়ের করা হয়েছে। আইনজীবীরা আরও উল্লেখ করেন যে ঈদ উপলক্ষে নাটক নির্মাণের জন্য গত ২৫ ফেব্রুয়ারি থেকেই আলভী নেপালে অবস্থান করছিলেন এবং সেই সময়েই তাঁর অনুপস্থিতিতে মামলাটি করা হয়।মামলার বিবরণ অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়।
পরে স্বজনরা তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগ এনে আলভীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১০ সালে বিয়ে করা এই দম্পতির সংসারে একটি ছেলে সন্তান রয়েছে এবং এর আগে গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি এই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন