জুন ১৮, ২০২৬, ০৪:০৫ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এবার সম্পূর্ণ নতুন অবতারে পর্দায় হাজির হতে যাচ্ছেন। কোমরের দুলুনি আর মিষ্টি হাসির চেনা রূপ ভেঙে এবার একজন দুর্ধর্ষ গুপ্তচর বা স্পাই হিসেবে দেখা যাবে তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন চলচ্চিত্র ‘আলফা’-র আড়াই মিনিটের একটি ধামাকা ট্রেইলার। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে এবং দর্শকদের মাঝে তুমুল ভাইরাল হয়েছে।
যশরাজ ফিল্মসের ব্যানারে আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি।ট্রেইলারের শুরুতেই দেখা যায় সীতা রূপী এক ছোট্ট আলিয়াকে, যাকে নিজের হাতে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে ইস্পাতদৃঢ় করে গড়ে তুলছেন তাঁর বাবারূপী ববি দেওল। নিজের পরিচিতি ও প্রশিক্ষণ পর্বের শেষে পর্দায় একাই লঙ্কা জ্বালিয়ে দেওয়ার তীব্র ইঙ্গিত দেন এই অভিনেত্রী।
এরপর থেকেই শুরু হয় একের পর এক ধুন্ধুমার ও মারকাটারি অ্যাকশন দৃশ্য। যেখানে নিজের চেনা রূপের বদলে তীব্র ক্ষোভ ও ক্রোধের আগুন জ্বালাতে দেখা গেছে আলিয়াকে। প্রতিটি মারপিটের দৃশ্যে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে।
এই বাণিজ্যিক সিনেমায় আলিয়া ভাটের পাশাপাশি খলনায়ক হিসেবে বিধ্বংসী অবতারে নজর কেড়েছেন অভিনেতা ববি দেওল। এ ছাড়া অনিল কাপুরের গম্ভীর ও ব্যক্তিত্বসম্পন্ন চরিত্রটি পুরো ট্রেইলারে এক আলাদা মাত্রা যোগ করেছে। আলিয়ার সহযোগী চরিত্রে শর্বরী ওয়াঘের দুর্দান্ত উপস্থিতি দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তবে ট্রেইলারের সবচেয়ে বড় চমক ছিল বলিউড তারকা হৃতিক রোশনের আকস্মিক ক্যামিও বা বিশেষ উপস্থিতি, যা সিনেমাটি নিয়ে দর্শকদের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন