বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিদি নাম্বার ওয়ানের নতুন সঞ্চালক স্বস্তিকা, মুখ খুললেন রচনা

বিনোদন ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৯:১২ পিএম

দিদি নাম্বার ওয়ানের নতুন সঞ্চালক স্বস্তিকা, মুখ খুললেন রচনা

প্রায় দেড় দশক ধরে টেলিভিশন রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর প্রধান মুখ ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। দীর্ঘদিনের এই পথচলায় অনুষ্ঠানটির সাথে তাঁর নাম এমনভাবে মিশে গিয়েছিল যে দর্শকদের কাছে এক প্রকার অনিবার্য ছিলেন তিনি। তবে এবার সেই চেনা অধ্যায়ের ইতি টেনে নতুন মৌসুমে সঞ্চালকের দায়িত্ব নিতে যাচ্ছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে নতুন এই যাত্রা।সম্প্রচারকারী চ্যানেল কর্তৃপক্ষ সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোর মাধ্যমে স্বস্তিকা মুখার্জিকে অনুষ্ঠানের নতুন মুখ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে। শুধু সঞ্চালক পরিবর্তনই নয়, নতুন সিজনে প্রতিযোগীর সংখ্যা চারজন থেকে বাড়িয়ে একসাথে ১০ জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শকদের জন্য যুক্ত করা হয়েছে নতুন গেম সেগমেন্ট এবং পরিবর্তন আনা হয়েছে সম্প্রচারের সময়েও। নতুন মৌসুম থেকে অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে।

অনুষ্ঠান থেকে নিজের সরে দাঁড়ানোর কারণ স্পষ্ট করেছেন সাবেক সঞ্চালক রচনা ব্যানার্জি। তিনি জানান, ব্যক্তিগত ও রাজনৈতিক কাজের চাপের কারণেই তিনি নিয়মিতভাবে সময় দিতে পারছিলেন না। তবে একই সাথে তিনি উল্লেখ করেন, অনুষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ চ্যানেল কর্তৃপক্ষের এবং এ বিষয়ে তাঁর কোনো আপত্তি নেই। নতুন সঞ্চালক ও চ্যানেলের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রচনা ব্যানার্জির বিকল্প কেউ হতে পারে তা ওদের প্রমাণ করে দেখাতে হবে এবং তিনি সেটাই দেখার অপেক্ষায় আছেন।

দীর্ঘদিনের এই সফল শো আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে নিজের অবদানের কথা স্মরণ করেন রচনা। অন্যদিকে স্বস্তিকা মুখার্জির এই নতুন আগমনকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নতুন নিয়ম ও নতুন উপস্থাপনায় এই আয়োজন দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে এখন সেটিই দেখার বিষয়।