জুলাই ৬, ২০২৬, ০৩:৪৯ পিএম
ফিফা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে বিশ্ব। টুর্নামেন্টের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী দলের এমন পরাজয়ে আর্জেন্টাইন সমর্থকরা যেমন আনন্দিত, তেমনি বাংলাদেশের বিনোদন জগতের অনেক তারকাও মাঠ থেকে এই ঐতিহাসিক বিদায়ের সাক্ষী হয়েছেন।
এমনই একজন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেন তিনি। খেলায় ব্রাজিল ২-১ গোলে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।আর্জেন্টিনার সমর্থক হিসেবে ব্রাজিলের পরাজয় নিয়ে মেহজাবীন বলেন, খেলার আগে সামাজিক মাধ্যমে মজা করে একটি পোস্ট দিয়েছিলাম।
মাঠে বসে ব্রাজিলের বিদায়ী মুহূর্ত ও নরওয়ের জয়ের উল্লাস দেখলাম। অভিজ্ঞতাটি দারুণ।বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখা তার অনেক দিনের স্বপ্ন ছিল বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, স্টেডিয়ামের পরিবেশ ও হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস টিভিতে যতটা অনুভব করা যায়, সরাসরি দেখার অভিজ্ঞতা তার চেয়ে অনেক বেশি। এই স্মৃতি সারাজীবন মনে থাকবে।
যদিও আর্জেন্টিনার ম্যাচ মাঠে বসে দেখা হচ্ছে না, তবে ফাইনালে প্রিয় দলকে দেখতে চান তিনি। নেইমারের প্রতি সম্মান জানিয়েও হলান্ডের খেলার প্রশংসা করেন এই অভিনেত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন