রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

মেহেদির নকশায় প্রেমিকের নাম, জাহ্নবীর ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১২:২৮ পিএম

মেহেদির নকশায় প্রেমিকের নাম, জাহ্নবীর ছবি ভাইরাল

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্ক নিয়ে কথা বলেননি, তবে বিভিন্ন সময় বিভিন্ন ইঙ্গিতে তা সামনে এসেছে। সম্প্রতি বোন অংশুলা কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে জাহ্নবীর হাতের মেহেদির নকশায় প্রেমিকের নাম দেখে ভক্তদের মাঝে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি রেশমি শাড়ি ও স্ট্র্যাপলেস ব্লাউজে হাজির হন জাহ্নবী। তবে তার পোশাক ছাপিয়ে আলোচনায় আসে হাতে আঁকা মেহেদির নকশা। ছবির খুঁটিনাটি বিশ্লেষণে দেখা যায়, মেহেদিতে সূক্ষ্মভাবে লেখা রয়েছে প্রেমিক শিখর পাহাড়িয়ার ডাকনাম ‘শিখু’। এই নকশাটিই এখন নেটিজেনদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

জাহ্নবী ও শিখরের পরিচয় বহু বছরের পুরোনো। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কিশোর বয়স থেকেই তারা একে অপরকে চেনেন। ২০১৬ সালে তাদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, ২০১৮ সালে জাহ্নবীর প্রথম সিনেমা ‘ধড়ক’ মুক্তির পর তাদের বিচ্ছেদের খবর সামনে এসেছিল।

তবে ২০২৩ সাল থেকে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন পার্টি ও ছুটিতে তাদের নিয়মিত একসঙ্গে দেখা যাচ্ছে। এর আগেও সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন জাহ্নবী। ২০২৪ সালে বনি কাপুরের সিনেমা ‘ময়দান’ দেখার সময় শিখু লেখা একটি নেকলেস পরে তাকে দেখা গিয়েছিল। এছাড়া ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে কথোপকথনের সময় ভুলবশত শিখরের নাম নিজের স্পিড ডায়ালের তালিকায় থাকার বিষয়টিও প্রকাশ পেয়েছিল।

শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। তিনি একজন উদ্যোক্তা ও বিনিয়োগকারী, যিনি লন্ডনের রিজেন্টস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন। পাশাপাশি গেমিং ও অবকাঠামো খাতেও তার ব্যবসায়িক উদ্যোগ রয়েছে।