বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঘরে বসেই দেখা যাবে শাকিবের ‘রকস্টার

বিনোদন ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০৯:১৫ পিএম

ঘরে বসেই দেখা যাবে শাকিবের ‘রকস্টার

ছবি - সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রকস্টার’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। আগামী ২২ জুলাই রাত ১২টা থেকে চরকি অ্যাপ ও ওয়েবসাইটে সিনেমাটি দেখতে পারবেন দর্শক। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির মাধ্যমে চলচ্চিত্রটি আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।সিনেমাটি এরই মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

ওটিটিতে মুক্তির বিষয়ে পরিচালক আজমান রুশো বলেন, সিনেমাটি প্রেক্ষাগৃহে অনেক দর্শক দেখেছেন। এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকদের জন্য দেখার সুযোগ তৈরি হবে। একজন নির্মাতা হিসেবে অধিক দর্শকের কাছে পৌঁছানোই মূল লক্ষ্য। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বয় চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে। রকস্টার সিনেমাটি যুক্ত করতে পেরে তারা আনন্দিত।

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। মীরা চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে, আর সুপার মডেলের চরিত্রে তানজিয়া জামান মিথিলা। সুনিধি চরিত্রে অভিনয় করেছেন সুনিধি নায়েক। সংগীতশিল্পীর চরিত্রে পান্থ কানাই, উস্তাদ জুনায়েদ চরিত্রে তারিক আনাম খান, আগুনের মা শবনম চরিত্রে রোজী সিদ্দিকী, আগুনের দাদির চরিত্রে দিলারা জামান এবং আসলাম চরিত্রে কাজী সাবির অভিনয় করেছেন।

নুসরাত মাটির চিত্রনাট্য এবং আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়ার সংলাপে নির্মিত এই চলচ্চিত্রে বেশ কয়েকটি গান রয়েছে। সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন জাহিদ নিরব। চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন, প্রেক্ষাগৃহের মতো ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাবে ‘রকস্টার’।