জুলাই ১৯, ২০২৬, ০৯:২৪ পিএম
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মজার ছলে দেওয়া এই ঘোষণার পর অসংখ্য ভক্ত তাকে শুভকামনা জানিয়েছেন, কেউ কেউ আবার সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছেন। তবে ফাইনালের আগে এসে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকেই পড়েছেন এই অভিনেত্রী।
রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি জানালেন, পুরো বিষয়টি তিনি মজার ছলে করেছিলেন।অভিনেত্রী বলেন, এর আগে কখনো ঘোষণা দিয়ে তিনি বিয়ে করেননি। সবসময় প্রেমের পর হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এবার বিয়ের ঘোষণা দিয়ে তিনি যেন নতুন ঝামেলায় পড়েছেন। পরীমনি বলেন, আগে ভাবেননি সবাই বিষয়টিকে এত গুরুত্বের সঙ্গে নেবে। এখন একের পর এক বিয়ের প্রস্তাব আসছে, যা সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন।
তবে বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আরেকটি দিকও তুলে ধরেছেন এই তারকা। পরীমনির মতে, বিয়ের জন্য একজন অভিভাবকের প্রয়োজন, যা বর্তমানে তার নেই। তিনি বলেন, বিয়ের জন্য অভিভাবক লাগে, কিন্তু এখন সেই পর্যায়ের কেউ নেই। ছেলে বড় হওয়ার পর যদি সে অভিভাবক হয়ে বিয়ে দেয়, তখন হয়তো ভাবা যেতে পারে।এদিকে আজ রাতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক পরীমনি। তাই শিরোপার লড়াই ঘিরে তিনি উচ্ছ্বসিত। তিনি প্রত্যাশা করছেন, শেষ পর্যন্ত বিশ্বকাপ মেসির হাতেই উঠবে।
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরীমনি। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন আকাশি-সাদা জার্সি পরে ছবি ও ভিডিও পোস্ট করে। লিওনেল মেসিকে নিয়েও করেছেন একাধিক পোস্ট। তবে আর্জেন্টিনা জিতলেও তিনি যে তড়িঘড়ি করে বিয়ের পিঁড়িতে বসছেন না, তার বক্তব্যে তা স্পষ্ট।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন