রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক অভিনেত্রী আয়েশা খান

বিনোদন ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ১১:৫৪ পিএম

মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক অভিনেত্রী আয়েশা খান

ছবি - সংগৃহীত

ভারতের বিভিন্ন শহরে শিক্ষার্থীদের আন্দোলন দিন দিন আরও জোরালো হচ্ছে। রাজধানী দিল্লি থেকে শুরু করে নানা প্রান্তে ছড়িয়ে পড়া এই কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের অনেক তারকারাও একাত্মতা প্রকাশ করছেন। ঠিক এমন এক উত্তাল পরিস্থিতিতে মুম্বাইয়ের দাদারে ছাত্রদের বিক্ষোভস্থলে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ধুরন্ধর খ্যাত জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে তিনি নিজেই এই আটকের তথ্য নিশ্চিত করেছেন।ভাই ও বন্ধুদের পুলিশ আটকের খবর পেয়ে তিনি কেবল শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন বলে দাবি করেছেন আয়েশা। কিন্তু কোনো কারণ বা পূর্ব সতর্কতা ছাড়াই চারজন নারী পুলিশ সদস্য জোরপূর্বক তাকে একটি পুলিশ ভ্যানে তুলে নেন। 

সামাজিক মাধ্যমে শেয়ার করা সেই ভিডিও ফুটেজে দেখা গেছে, আটকের কারণ জানতে চেয়ে তিনি বারবার পুলিশকে প্রশ্ন করছেন, কিন্তু কোনো সদুত্তর পাননি। কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করা সত্ত্বেও তাকে কেন এভাবে আটক করা হলো, তা নিয়ে তিনি তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

ঘটনার পর অভিনেত্রীকে মুম্বাইয়ের ওরলি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা তার সঙ্গে তুলনামূলক সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন বলে তিনি জানান। পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ সম্পন্ন হওয়ার পর তাকে থানা থেকে মুক্তি দেওয়া হয়। আন্দোলনকে কেন্দ্র করে ভারতের বিনোদন অঙ্গনের কোনো তারকার এমন পুলিশি আটকের ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।