জুলাই ২৩, ২০২৬, ০৩:৫১ পিএম
ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে চলমান শিক্ষার্থী আন্দোলনে এবার সংহতি প্রকাশ করেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন বার্তায় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার জোরালো ঘোষণা দিয়েছেন। স্বচ্ছ ও ন্যায্য শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবিতে শিক্ষার্থীদের সাহসিকতা ও দৃঢ় সংকল্পের ভূয়সী প্রশংসা করেছেন এই তারকা।
শিক্ষার্থীদের এই আন্দোলন সমাজকে নতুন বার্তা দিচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে আলিয়া ভাট জানান যে গত কয়েক দিনের ঘটনাবলি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং একই সঙ্গে নতুন আশার সঞ্চার করেছে। যারা নিজেদের দাবিতে রাজপথে অনড় রয়েছেন, তাদের পেছনে রয়েছে অজস্র শিক্ষার্থীর স্বপ্ন, অভিভাবকের আশা এবং বহু ত্যাগের ইতিহাস।
তারা কেবল নিজেদের প্রতিনিধিত্ব করছেন না, বরং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও উন্নত ভবিষ্যৎ তৈরির পথ প্রশস্ত করছেন বলে মন্তব্য করেন তিনি। তরুণ প্রজন্মের এই কণ্ঠস্বরকে যথাযথ গুরুত্ব দিয়ে শোনা এবং তাদের প্রতি সম্মান জানানো উচিত বলে মনে করেন তিনি। শিক্ষার্থীদের এই সাহসিকতা সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি বিশ্বাস করেন।
এর আগে একই ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন আরেক শীর্ষ বলিউড তারকা সালমান খান। তবে শান্তিপূর্ণ আন্দোলন কোনো কোনো ক্ষেত্রে সহিংসতায় রূপ নেওয়ায় তিনি সে সময় গভীর দুঃখ প্রকাশ করেছিলেন। সালমান খান তার প্রতিক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁসকে একটি অত্যন্ত গুরুতর অপরাধ ও উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছিলেন এবং তরুণদের পাশে থাকার কথা বলেছিলেন।
দিল্লিতে চলমান এই শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এখন প্রকাশ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করছেন। তরুণ প্রজন্মের যৌক্তিক দাবি এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে।
তথ্যসূত্র: এনডিটিভি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন