শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

মরক্কোর ফুটবলার বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নোরা

বিনোদন ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৬:৫১ পিএম

মরক্কোর ফুটবলার বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নোরা

ছবি : সংগৃহীত

মরক্কোর তারকা ফুটবলার ইয়াসিন বোনোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে চলা দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবশেষে অবসান ঘটিয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। বেশ কিছু মাস ধরে ভক্ত ও অনুরাগীদের মধ্যে তাদের রোমান্টিক সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা স্পষ্ট করে জানিয়েছেন, বোনো তার কেবলই একজন ভালো বন্ধু। 

মরক্কোর এই বিশ্বখ্যাত গোলকিপারের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাদের মধ্যকার পারস্পরিক সুসম্পর্কের বিষয়টি তিনি খোলামেলাভাবে প্রকাশ করেন।সম্প্রতি ‘দ্য ক্রিস ফেইড শো’ নামক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই গুঞ্জনের জবাব দেন নোরা।নোরার কাছে বোনো সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি হেসে জানান যে তিনি তার বন্ধু। 

এরপর বোনোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে নোরা উল্লেখ করেন যে তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ এবং বর্তমান বিশ্বের সেরা গোলকিপারদের একজন। সাক্ষাৎকার চলাকালে তাকে কিছুটা লাজুক ভঙ্গিতে হাসতেও দেখা যায়। এ সময় অনুষ্ঠানের সহ-সঞ্চালক তাদের দুজনকে চমৎকার জুটি বলে মন্তব্য করলে নোরা কিছুটা বিব্রত বোধ করেন। তবে তাদের যোগাযোগ প্রসঙ্গে তিনি জানান যে দীর্ঘদিন ধরে পরিচিত হলেও মাত্র কিছুদিন আগে তাদের মধ্যে পুনরায় যোগাযোগের সূত্রপাত ঘটেছে।

এর আগে মরক্কোর কাসাব্লাংকার বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে দেখার খবরের পর এই প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল।উল্লেখ্য, ইয়াসিন বোনো বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল এবং মরক্কো জাতীয় ফুটবল দলের প্রধান গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ফিফা বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।