আগস্ট ১২, ২০২৬, ০৭:১৮ পিএম
আগামী ষোলো আগস্ট ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘আমিচি বাংলা ফেস্টিভ্যাল–সিজন টু’। এবি জেন প্রেজেন্টসের আয়োজনে এবারের এই উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা নগরবাউল জেমস। দীর্ঘদিন পর ইতালির মাটিতে তার এই লাইভ কনসার্ট ঘিরে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
রোমের পাশাপাশি মিলান, নেপলস ও ফ্লোরেন্সসহ বিভিন্ন শহর থেকে দর্শকরা এরই মধ্যে টিকিটের ব্যবস্থা করেছেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে রোমের পর ইতালির অন্য কয়েকটি শহরেও জেমসের পারফর্ম করার কথা রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বাংলা সংগীতপ্রেমী অন্যান্য দর্শকরাও এই আয়োজনে অংশ নেবেন।
দীর্ঘ বিরতির পর নগরবাউলের জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগ করার অপেক্ষায় দিন গুনছেন প্রবাসীরা। নতুন প্রজন্মের মাঝে বাংলা ব্যান্ড সংগীতের আবেদন ছড়িয়ে দিতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ।
দেশি ইভেন্ট এবিজেনের পরিচালক হোসাইন আহমেদ মোয়াজ জানান যে দর্শকদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ইতালীয় পুলিশ প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় করা হয়েছে। প্রবাসের বুকে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী ষোলো আগস্টের এই উৎসব কেবল একটি কনসার্ট নয়, বরং ইতালিপ্রবাসী বাংলাদেশিদের জন্য এক বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন