সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৬:৫৯ পিএম
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি সংকলিত বিশেষ পর্ব আগামী শুক্রবার বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে। আগামীকাল চার সেপ্টেম্বর রাত আটটার বাংলা সংবাদের পর এই বিশেষ পর্বটি সম্প্রচার করা হবে। পার্বত্য জেলা বান্দরবানের মনোরম সৌন্দর্যের পটভূমিতে ধারণকৃত অংশসহ ইত্যাদির দর্শকপ্রিয় কয়েকটি পর্বের সুবিন্যস্ত সমন্বয়ে সাজানো হয়েছে এবারের আয়োজনটি।
ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, ২০১৯ সালের নভেম্বর মাসে পাহাড়ি সৌন্দর্যের রানি বান্দরবানের নীলাচলের টাইগার পাহাড়ের চূড়ায় এই পর্বের দৃশ্য ধারণ করা হয়েছিল। এবারের পর্বটির সবচেয়ে আবেগঘন এবং বিশেষ আকর্ষণ হলো বরেণ্য দুই অভিনেতা প্রয়াত এ টি এম শামসুজ্জামান এবং প্রয়াত মাসুদ আলী খানের জীবনের শেষ অভিনয়।
দীর্ঘদিন অসুস্থতার পর বান্দরবান পর্বের একটি নাট্যাংশের মাধ্যমেই তারা পুনরায় ক্যামেরার সামনে ফিরেছিলেন। ওই নাট্যাংশে এই দুই কিংবদন্তি অভিনেতা একসঙ্গে অভিনয় করেছিলেন, যা তাদের অভিনয় জীবনের অন্তিম কাজ হিসেবে স্মৃতি হয়ে রয়েছে। অনুষ্ঠানে বান্দরবানের ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটন সম্ভাবনার ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন প্রচার করা হবে।
পাশাপাশি পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জীবনযাত্রা, বয়স্ক ভাতা চালুর মানবিক উদ্যোগ এবং শিক্ষা বিস্তারে নিবেদিতপ্রাণ একটি শিক্ষক পরিবারের শিক্ষামূলক গল্প তুলে ধরা হবে। বরাবরের মতো সামাজিক অসংগতি নিয়ে বিদ্রূপাত্মক নাট্যাংশসহ নানি-নাতি ও মামা-ভাগ্নের মতো নিয়মিত বিভাগগুলোও থাকছে। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিবেশিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন