সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৬:৫৬ পিএম
ইতালির ভেনিসে চলমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে পরিবারসহ হামলার শিকার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে এই অপ্রীতিকর ঘটনার কথা জানিয়েছেন তিনি। তবে স্থানীয় পুলিশ ও বাংলাদেশ দূতাবাসের তাৎক্ষণিক সহায়তায় তিনি বর্তমানে সম্পূর্ণ নিরাপদ স্থানে রয়েছেন বলে নিশ্চিত করেছেন।
এই ন্যাক্কারজনক ঘটনার পর স্থানীয় থানায় আনুষ্ঠানিক মামলা দায়েরের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব প্রমাণ তাঁদের হাতে রয়েছে বলে দাবি করেছেন বাঁধন। ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, ভেনিসে রাজনৈতিক পরিচয়ে সংঘটিত এই হামলার সময় তাঁর ছোট ভাই ও তিন বছরের শিশুসন্তানসহ পরিবারের অন্য সদস্যরাও চরম হয়রানির শিকার হয়েছেন।
জুলাই অভ্যুত্থানে জনগণের পক্ষে নিজের অবস্থান নেওয়ার কারণেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে তাঁর ধারণা। ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রোমের বাংলাদেশ দূতাবাস থেকে তাঁর সাথে যোগাযোগ করা হয়েছে এবং সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। স্থানীয় পুলিশের সহযোগিতায় থানায় গিয়ে মামলা দায়ের প্রক্রিয়া শুরু করেছেন তিনি।
আইনি লড়াইয়ের মাধ্যমেই এই ঘটনার শেষ দেখে তবেই তিনি দেশে ফিরবেন বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। এ ধরনের হুমকিতে নিজের মনোবল ভাঙবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই তারকা। সংকটময় এই মুহূর্তে দেশের সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীরা যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন