সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৮:১৩ পিএম
অভিনয়ের চৌহদ্দি পেরিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া প্রথম মৌলিক গান `পাবলো`। এক দশকের বেশি সময় অভিনয়ে কাটানোর পর তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন।
পাঞ্জাবি র্যাপ ধাঁচের এই বিশেষ ট্র্যাকটির কথা ও সুর হানিয়া নিজেই সাজিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উদ্দেশ্য করে চলা অবিরাম সমালোচনা, কটূক্তি ও নেতিবাচক মন্তব্যের জবাবে আত্মবিশ্বাসী অবস্থান নিয়ে গানটি তৈরি করা হয়েছে। অনলাইন ট্রোলে ভেঙে না পড়ে নিজের মতো করে এগিয়ে যাওয়ার বার্তা গানে তুলে ধরেছেন তিনি।
গানের শেষাংশে যুক্ত হয়ে চমক দেখিয়েছেন ভারতীয় বিনোদন ব্যক্তিত্ব রাখি সাওয়ান্ত। এক অডিও বার্তার মাধ্যমে সংহতি জানিয়ে রাখি বলেন, "হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?" পাশাপাশি হানিয়াকে উদ্দেশ্য করে তিনি জানান, তাঁর সৌন্দর্যে ঈর্ষান্বিত ব্যক্তিদের কথায় কর্ণপাত না করে সাহসের সঙ্গে সমালোচকদের মোকাবেলা করে পথ চলতে হবে। গানটিতে রাখি সাওয়ান্তের এই অকস্মাৎ যুক্ত হওয়া দুই দেশের নেটিজেনদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন