বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
ভেনিস চলচ্চিত্র উৎসব

ভেনিস উৎসবে প্রশংসিত রিকিতা শিমুর অভিনয় ও নতুন ভাবনা

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৬:১৬ পিএম

ভেনিস উৎসবে প্রশংসিত রিকিতা শিমুর অভিনয় ও নতুন ভাবনা

চলচ্চিত্রের যেকোনো চিত্রনাট্য বা চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতাকেই সবার আগে প্রাধান্য দিয়ে থাকেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। নিজের কাছে চরিত্রটি নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য মনে হলে তবেই তিনি অভিনয়ে সম্মতি জানান। সম্প্রতি শেষ হওয়া ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত দ্য ডিফিকাল্ট ব্রাইড এবং বেলিফুল ছবি দুটি প্রদর্শিত হয়েছে। এর মধ্যে রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড চলচ্চিত্রটি এবং সেখানে শিমুর অভিনয় আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষ প্রশংসা অর্জন করেছে।

আন্তর্জাতিক এই আসর দেশের চলচ্চিত্রের জন্য গর্বের অনুভূতি তৈরি করেছে। উৎসবের সালা দারসেনা প্রেক্ষাগৃহে প্রায় এক হাজার চারশত দর্শকের সামনে ছবিটির আনুষ্ঠানিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষ হওয়ার পর উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। এই আন্তর্জাতিক স্বীকৃতির পেছনে নির্মাতা রুবাইয়াত হোসেনের বড় অবদান রয়েছে বলে জানান তিনি। রুবাইয়াত হোসেনকে একজন অভিভাবক ও পথপ্রদর্শক উল্লেখ করে তিনি জানান যে তার কাছ থেকেই কাজের বহু খুঁটিনাটি শিখেছেন।

ভেনিস চলচ্চিত্র উৎসবের সঙ্গে তার এই যোগাযোগ প্রথম নয়। এর আগে ২০২১ সালে ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ওয়ানস আপন অ্যা টাইম ইন ক্যালকাটা ছবির বিশ্ব প্রিমিয়ার হয়েছিল এই উৎসবে এবং সেই চলচ্চিত্রেও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত ছিলেন। মাত্র ছয় বছর বয়সে মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ের পাঠ শুরু করেছিলেন রিকিতা নন্দিনী শিমু। পরিবারে তার মামা নাট্যচর্চার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং মামার হাত ধরেই তার থিয়েটারে প্রবেশ ঘটে। শৈশবে টেলিভিশনের পর্দা দেখে অভিনয়ের তীব্র আকাঙ্ক্ষা জাগত। প্রয়াত অভিনেতা ও নির্দেশক মাসুম আজিজের তালা নাটকে অংশ নিয়ে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের হাত ধরে তিনি বড়পর্দায় পা রাখেন এবং রানওয়ে চলচ্চিত্রে মূল চরিত্র রুহুলের প্রেমিকা শিউলি চরিত্রে অভিনয় করেন।

এরপর মোহাম্মদ হান্নানের পরিচালনায় শিখণ্ডী কথা এবং পরবর্তীতে রুবাইয়াত হোসেনের নির্দেশনায় শিমু চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করেন তিনি। মুক্তির পর এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক বিভিন্ন সম্মানজনক আসরে পুরস্কৃত হয় এবং শিমু চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি ২০২২ সালের সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।জাতীয় স্বীকৃতির খবরটি পাওয়ার সময়ের স্মৃতিচারণ করে তিনি জানান যে বিষয়টি তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। স্বীকৃতির খবর শুনে তিনি এতটাই বিস্মিত হয়েছিলেন যে নিজের অনুভূতি সামলাতে পারছিলেন না। অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রথমে বার্তা পাঠিয়ে তাকে খবরটি জানান। বার্তাটি দেখে তার মনে হয়েছিল ভুলবশত হয়তো তা পাঠানো হয়েছে। এর কিছুক্ষণ পর নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী মুঠোফোনে কল করে অভিনন্দন জানালে তিনি জাতীয় পুরস্কার অর্জনের সত্যতা নিশ্চিত হন। রিকিতা নন্দিনী শিমুহাতে কাজের সংখ্যা কম থাকার কারণ হিসেবে তিনি জানান যে চিত্রনাট্য ও চরিত্রের গভীরতা পছন্দ না হলে তিনি কাজে যুক্ত হন না। ধীরে কাজ করতে পছন্দ করা এই অভিনেত্রী কাজের সংখ্যার চেয়ে কাজের গুণগত মানকে বেশি গুরুত্ব দেন। শৈল্পিক ধারার চলচ্চিত্রের প্রতি তার বিশেষ টান তৈরি হয় প্রথম ছবি রানওয়ে-তে কাজের সময় থেকেই।

তিনি উল্লেখ করেন যে চিত্রনাট্য হাতে পেলে তিনি বুঝতে পারেন কাজটি আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর সক্ষমতা রাখে কি না। রানওয়ে, শিমু, দ্য ডিফিকাল্ট ব্রাইড, বেলিফুল, মেইড ইন বাংলাদেশ, তাকদীর, ফেরেশতে এবং শিখণ্ডী কথা সহ বিভিন্ন কাজের ধারাবাহিকতায় তিনি শৈল্পিক ঘরানার চলচ্চিত্র চর্চাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান।