সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:৩৫ পিএম
বিয়েতে অহেতুক বিপুল অর্থ অপচয় না করে সেই অর্থ অসহায় মানুষের কল্যাণে বা দাতব্য কাজে ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের একটি পডকাস্টে উপস্থিত হয়ে তিনি নিজের ব্যক্তিগত জীবন, সম্পর্ক, বিয়ে এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
চল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী বিয়ে নিয়ে নিজস্ব ভাবনার কথা জানান। শ্রুতি উল্লেখ করেন, তার কাছে বিয়ে কোনো আনুষ্ঠানিক বা নিছক কাগুজে সম্পর্ক নয়, বরং এটি দুজন প্রাপ্তবয়স্ক মানুষের পারস্পরিক গভীর আত্মিক বন্ধন। তাই সামাজিক জাঁকজমকপূর্ণ আয়োজন বা আইনি নথিপত্রের চেয়ে সম্পর্কে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকা সবচেয়ে জরুরি। তিনি বলেন, তার কাছে সবচেয়ে সুন্দর অনুভূতি হলো সঙ্গী ও তিনি প্রতিদিন যেন স্বেচ্ছায় একে অপরকে বেছে নেন, যা কোনো আইনি দলিলের বাধ্যবাধকতায় নয়, বরং নিছক পারস্পরিক ভালোবাসা থেকেই আসবে। অতীতে একাধিক সম্পর্কে জড়ালেও বিয়ে পর্যন্ত পৌঁছানোর আগেই সেগুলোর সমাপ্তি ঘটেছিল। তবে পূর্বের সেই বিচ্ছেদের কারণে বৈবাহিক সম্পর্কের প্রতি তার মনে কোনো ভীতি বা নেতিবাচক মনোভাব তৈরি হয়নি বলে তিনি স্পষ্ট করেন।
ব্যয়বহুল সামাজিক অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। কথাপ্রসঙ্গে শ্রুতি জানান, ভবিষ্যতে বিয়ে করলে তিনি সম্পূর্ণ সাদামাটা ও সাধারণ আয়োজনে তা সম্পন্ন করতে আগ্রহী। তিনি প্রশ্ন রেখে বলেন, সমাজে এত বিশাল অঙ্কের টাকা খরচ করে আসলে কার জন্য এই জাঁকজমকের আয়োজন করা হয়। যারা বিয়েতে প্রচুর অর্থ ব্যয় করেন তাদের তিনি ব্যক্তিগতভাবে লজ্জিত করতে চান না উল্লেখ করে অভিনেত্রী জানান, বিয়েতে মাত্রাতিরিক্ত অর্থ অপচয়ের চেয়ে সেই টাকা দিয়ে দুস্থ মানুষের সহায়তা করা অনেক বেশি অর্থপূর্ণ। মাতৃত্ব প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে শ্রুতি জানান, তিনি মাতৃত্বের অনুভূতি অত্যন্ত পছন্দ করেন। তবে পরিবার কিংবা সমাজের আরোপিত প্রত্যাশা মেনে নয়, বরং নিজের পছন্দ ও প্রস্তুতি অনুযায়ী সময়মতো মাতৃত্বের সিদ্ধান্ত নিতে চান তিনি।
পেশাগত জীবনে বর্তমানে দুটি বড় প্রকল্পের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই তারকা। এর মধ্যে তামিল সিনেমা `ট্রেন`-এর দৃশ্যধারণ পর্ব শেষ হয়ে এখন প্রি-প্রডাকশন প্রক্রিয়া চলছে এবং তেলেগু ভাষার সিনেমা `আকাশামলো ওকা তারা`র চিত্রায়ন বর্তমানে অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন