অক্টোবর ৬, ২০২৫, ০৫:৩০ পিএম
প্রেম, বিচ্ছেদ আর অনুভূতির নানা গল্প গানে গানে বলে যিনি দুই দশক ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন, সেই জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবার দিলেন বিদায়ের ইঙ্গিত। ভক্তদের ভালোবাসার চূড়ায় থাকতেই সংগীতজীবন থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে চান তিনি।রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এই ভাবনার কথা জানান তাহসান।
শিল্পী হিসেবে টিকে থাকার সংগ্রাম এবং সঠিক সময়ে বিদায় নেওয়ার দর্শন নিয়ে কথা বলেন তিনি।তাহসান বলেন, “আমার ভাই একবার বলেছিলেন, ‘সংগীতশিল্পীদের জন্য ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত।’ আমি তখন চাকরি ছেড়ে অ্যালবাম বানাতে গিয়েছিলাম। আমি এটাকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম। কারণ শিল্পীর মেয়াদকাল কম হতে পারে, কিন্তু শিল্প টিকে থাকে তার বিদায়ের পরেও।”
কখন থামতে চান—এই প্রশ্নের উত্তরে তিনি এক আবেগঘন মন্তব্য করেন। তাহসানের ভাষায়, “আমার মনে হয়েছে, আমি ততদিনই কাজ করব, যতক্ষণ মানুষের ভালোবাসার শিখরে থাকব। কারণ এই ক্যারিয়ারে রিটায়ারমেন্ট বলে কিছু নেই, আছে ‘ভুলে যাওয়া’। ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই ভালো।”
তার এই মন্তব্যকে ভক্তরা একজন শিল্পীর দূরদর্শী ও সম্মানজনক বিদায়ের পরিকল্পনা হিসেবেই দেখছেন। যদিও কবে নাগাদ তিনি পুরোপুরি অবসরে যাবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি এই তারকা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন