অক্টোবর ৭, ২০২৫, ০৯:৩৮ এএম
কন্নড় সুপারস্টার রিশভ শেঠির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। তবে সিনেমার এই আকাশচুম্বী সাফল্যের আবহের মধ্যেই এক ভক্তের কাণ্ডে তৈরি হয়েছে তুমুল বিতর্ক, যা সিনেমার আয়কেও ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহান্তেই অর্থাৎ মাত্র তিন দিনেই ভারতের অভ্যন্তরীণ বাজারে ২২৩ কোটি রুপির বেশি আয় করেছে। সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় এবং প্রতিটি শো হাউসফুল যাচ্ছে।
এরই মধ্যে তামিলনাড়ুর একটি সিনেমা হলে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। সিনেমা চলাকালীন এক অনুরাগী হঠাৎ করেই সিনেমার লোকনৃত্য 'ভূতা কোলা'-তে প্রদর্শিত ঐশ্বরিক চরিত্র 'দাইভা'-র মতো পোশাক পরে হলের ভেতরে প্রবেশ করেন এবং নাচতে শুরু করেন। তার এই অপ্রত্যাশিত আচরণে দর্শকরা চমকে যান।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, 'দাইভা' কোনো সাধারণ চরিত্র নয়, এটি একটি পবিত্র ধর্মীয় আচারের অংশ। কঠোর অনুশাসন মেনে চলা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেরাই কেবল এই ঐশ্বরিক রূপ ধারণ করতে পারেন। সিনেমা হলের মতো বিনোদনের জায়গায় এমন পবিত্র আচারের অনুকরণ করাটা সংস্কৃতিকে অপমান করার সামিল বলে অনেকে মন্তব্য করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন