রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সোলজার’-এর ফার্স্টলুক ট্রেলারে অ্যাকশন ও দেশপ্রেমের বার্তা শাকিবের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১০:৩৫ পিএম

সোলজার’-এর ফার্স্টলুক ট্রেলারে অ্যাকশন ও দেশপ্রেমের বার্তা শাকিবের

ছবি - সংগৃহীত

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’-এর ফার্স্টলুক ট্রেলার। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত ৩৩ সেকেন্ডের এই ট্রেলারটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এবং দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

ট্রেলারে শাকিব খানকে পাওয়া গেছে এক সম্পূর্ণ নতুন ও পরিণত রূপে। অ্যাকশন দৃশ্যের সঙ্গে হেলিকপ্টার এবং বাংলাদেশের পতাকার আবহে তার উপস্থিতি জানান দিচ্ছে এটি একটি দেশাত্মবোধক গল্পের চলচ্চিত্র। ট্রেলারে শাকিবের মুখে শোনা যায় মাত্র একটি সংলাপ— “তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি?”— যা সিনেমার গভীরতা সম্পর্কে ধারণা দেয়।পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছেন, ‘সোলজার’ শুধু যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়, এটি নতুন প্রজন্মের সেই সব তরুণদের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং দেশের জন্য স্বপ্ন দেখে।

তিনি বলেন, “দিনশেষে আমাদের গল্পটা আশার। সংকট যতই আসুক, মানুষ যে আশা হারায় না—সেই বার্তাই এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে।”নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাকিব খান বলেন, “এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি। এই গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রেরণা দেবে এবং নিজের ভেতরের ‘সোলজার’কে চিনে নিতে সাহায্য করবে।”

‘মনপুরা’ ও ‘হাওয়া’ খ্যাত প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। শাকিবের বিপরীতে এই সিনেমায় প্রথমবার অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন এবং জান্নাতুল ফেরদৌস ঐশীর মতো একঝাঁক তারকা শিল্পী।