অক্টোবর ৮, ২০২৫, ০৫:১৯ পিএম
বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সন্ধ্যার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা, গান এবং বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে আবরারকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল আবরারের জীবন ও সংগ্রামকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’-এর প্রদর্শনী। ঢাকার পাশাপাশি একযোগে দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতেও এই প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ। সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আবরার ছোটবেলায় আসলে খুব ভীতু ছিল। সেই ভীতু ছেলেটাই দেশের জন্য, দেশকে বাঁচানোর জন্য এমন সাহসী লেখালেখি করেছে, যা আমরা পরিবারের কেউই জানতাম না। আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন।”
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের শুরুতে শিল্পী রাফি তালুকদার হায়দার হোসেনের বিখ্যাত গান ‘আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার’ পরিবেশন করে আবহের সৃষ্টি করেন।
পরে শিল্পকলা একাডেমির শিল্পীরা ‘মুক্তির মন্দির সোপান তলে’ এবং ‘কারার ঐ লৌহ কপাট’-এর মতো বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।সভাপতির বক্তব্যে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “যে দেশকে ভালোবাসে, সে আর ভীরু থাকে না, সাহসী হয়ে ওঠে। আবরার সত্য প্রকাশের জন্য জীবন দিয়েছে।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন