অক্টোবর ১২, ২০২৫, ০৮:৩৮ পিএম
বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তি শিল্পী, ‘গানের পাখি’ খ্যাত সাবিনা ইয়াসমিন এবার যুক্তরাজ্য মাতাতে যাচ্ছেন। আগামী ১৯ অক্টোবর (রবিবার) লন্ডনে অনুষ্ঠিতব্য ‘লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’-এর প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি। এই অনুষ্ঠানে অংশ নিতে আজ রাতেই যুক্তরাজ্যের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।উদীচী শিল্পীগোষ্ঠীর যুক্তরাজ্য শাখা আয়োজিত এই উৎসবের ১৬তম আসরটি অনুষ্ঠিত হবে লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে।
দিনব্যাপী বইমেলার পাশাপাশি সন্ধ্যায় থাকবে বিশেষ সংগীতানুষ্ঠান, যেখানে সাবিনা ইয়াসমিন তার কালজয়ী সব জনপ্রিয় গান পরিবেশন করবেন।এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাবিনা ইয়াসমিন বলেন, “বিদেশের মঞ্চে যখন গাইতে উঠি, সামনে যেন একখণ্ড বাংলাদেশ দেখতে পাই। কী আবেগ নিয়ে সবাই আমাদের বাংলা গান গেয়ে ওঠেন! চেষ্টা করব, এবারও গান গেয়ে প্রবাসী ভাইবোনদের মন জয় করে আসতে।”
অনুষ্ঠানে তার সঙ্গে বাংলাদেশ থেকে যন্ত্রশিল্পী হিসেবে যাচ্ছেন চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল। একই মঞ্চে আরও সংগীত পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী মৌসুমী ভৌমিক।অনুষ্ঠান শেষে আগামী ২৫ অক্টোবর সাবিনা ইয়াসমিনের দেশে ফেরার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন