অক্টোবর ১৪, ২০২৫, ০৬:২৩ পিএম
অপরাধ, দুর্নীতি এবং বিশ্বাসঘাতকতার এক অন্ধকার জগৎ নিয়ে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ওয়েব সিরিজ ‘গিরগিটি’। টানটান উত্তেজনায় ভরা এই ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন লস্কর নিয়াজ। আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, থেকে সিরিজটি শুধুমাত্র বঙ্গ-তে দেখা যাবে।
সম্প্রতি মুক্তি পাওয়া এর ট্রেলারেই গল্পের ভয়াবহতা আর রহস্যের ইঙ্গিত মিলেছে। থ্রিলারটির গল্প শুরু হয় এক নির্জন মহাসড়কে একটি নৃশংস হত্যাকাণ্ড দিয়ে, যা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পান ডিটেকটিভ মারুফ চৌধুরী, যে চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। তদন্তে নেমে তিনি এক ভয়ংকর কর্পোরেট মাদক চক্রের সন্ধান পান,
কিন্তু ভেতরের বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার জটিল খেলায় একসময় তিনি নিজেই এক বিপজ্জনক জালে জড়িয়ে পড়েন।পরিচালক লস্কর নিয়াজ বলেন, “আমরা কোনো অতিমানবীয় গোয়েন্দার গল্প বলতে চাইনি, বরং আমাদের আশেপাশের চরিত্রদের নিয়ে একটি মানবিক ও বাস্তবসম্মত গল্প বলতে চেয়েছি। আশা করি, দর্শকরা আমাদের এই চেষ্টাটুকু উপভোগ করবেন।”
সিরিজটিতে ইরফান সাজ্জাদ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা এবং মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে।
বঙ্গর পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা সবসময় দর্শকদের জন্য নতুন ও মানসম্মত কনটেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘গিরগিটি’ সেই প্রচেষ্টারই একটি অংশ। এর শক্তিশালী গল্প এবং তারকা শিল্পীদের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী।”



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন